
রাজশাহীতে দুই দিনব্যাপী অমর একুশে বইমেলা শুরু হয়েছে। সাহিত্যচর্চা, বইপাঠ ও সাংস্কৃতিক বন্ধনে নতুন প্রজন্মকে যুক্ত করার প্রত্যয়ে এ আয়োজন করেছে রাজশাহী রাইটার্স কালেকটিভ।
আজ শুক্রবার সকাল ১০টায় নগরের বাটার মোড়ে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন সংগঠনের সংগঠক ও এ অঞ্চলের কবি-সাহিত্যিকরা।
আয়োজকরা জানান, ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে এবং ভাষার কারিগরদের একত্রিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দুই দিনব্যাপী বইমেলায় বই বিক্রির পাশাপাশি কবিতা পাঠ, সাহিত্য আলোচনা ও সাংস্কৃতিক আড্ডার আয়োজন রাখা হয়েছে, যাতে মেলাকে প্রাণবন্ত করে তোলা যায়।
মেলায় রাজশাহীর স্থানীয় লেখক ও প্রকাশকদের বইয়ের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের লেখক ও প্রকাশকদের প্রকাশনাও স্থান পেয়েছে। দর্শনার্থীদের আগ্রহ বাড়াতে কিছু দুর্লভ ও সংগ্রহযোগ্য বই প্রদর্শন করা হয়েছে।
দুই দিনব্যাপী এই বইমেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। আয়োজকরা সকল বইপ্রেমী, শিক্ষার্থী ও সংস্কৃতিপ্রেমীদের মেলায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

