
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) চিকিৎসাধীন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট ডা. মোহাম্মদ রফিকুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে তিনি বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং রোগীর শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত অবহিত হন। হাসপাতাল সূত্র জানায়, মহাসচিব কিছু সময় কেবিনে অবস্থান করে চলমান চিকিৎসা পদ্ধতি ও ভবিষ্যৎ চিকিৎসা পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দায়িত্বশীল চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা ডা. রফিকুল ইসলামের বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসা ব্যবস্থাপনা সম্পর্কে মহাসচিবকে অবহিত করেন। হাসপাতাল ও দলীয় সূত্রে জানা গেছে, ডা. রফিকুল ইসলামের চিকিৎসা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসক দল তার সার্বিক অবস্থা নিয়মিত পর্যালোচনা করছেন। উল্লেখ্য, ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম বিএনপির স্বাস্থ্য নীতিনির্ধারণী কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। তার অসুস্থতার খবরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও চিকিৎসকরা আশাবাদ ব্যক্ত করেছেন যে যথাযথ চিকিৎসায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

