উত্তরা প্রতিদিন
ঢাকা

দেশের মানুষ চাইছে আগামী দিনে বিএনপি জাতিকে নেতৃত্ব দিক : আমীর খসরু

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৮ অপরাহ্ণ
দেশের মানুষ চাইছে আগামী দিনে বিএনপি জাতিকে নেতৃত্ব দিক : আমীর খসরু

 

দেশের মানুষ আগামী দিনে বিএনপিকে জাতীয় নেতৃত্বে দেখতে চায় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সংকটকালে জনগণ বরাবরই বিএনপির ওপর আস্থা রেখেছে এবং এবারও সেই প্রত্যাশা স্পষ্ট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আমীর খসরু তার ভোট দেন চট্টগ্রাম-৪ আসনের একটি কেন্দ্রে।

তিনি বলেন, দেশের মানুষ দীর্ঘ ১৭ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য অনেককে জীবন দিতে হয়েছে, গুম ও হত্যার শিকার হতে হয়েছে। অনেকে ব্যবসা হারিয়েছেন, পুলিশের হেফাজতে বা কারাগারে চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছেন। লাখ লাখ মানুষ মিথ্যা মামলার শিকার হয়েছেন। এই ভোটের পেছনে যাদের অবদান রয়েছে, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই।

বিএনপি নেতা আরও বলেন, বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের জন্য আপসহীন আন্দোলনের ধারাবাহিকতায় আজ আমরা এই অবস্থানে পৌঁছেছি। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ আবারও একটি গণতান্ত্রিক পথে এগোবে বলে আমরা আশা করছি।

নির্বাচনের পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ও উৎসাহ ইতিবাচক। ভোটারদের মাঝে যে আমেজ দেখছি, তাতে বোঝা যাচ্ছে মানুষ গণতন্ত্রের প্রত্যাবর্তন অনুভব করছে, যোগ করেন তিনি।

চট্টগ্রাম-১ আসনের (মিরসরাই) চুনিমিঝির টেক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটকেন্দ্রের পরিস্থিতি অস্থিতিশীল করায় মোবারক হোসেন অপু নামের এক ছাত্রদলকর্মীকে আটক করেছে পুলিশ।

১২ ফেব্রুয়ারি ১১টার দিকে ভোটকেন্দ্রের পরিবেশ অস্থিতিশীল করার অভিযোগে ধানের শীষের সমর্থক ছাত্রদলকর্মী অপুকে আটক করেছেন দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার মুহাম্মদ জিল্লুর রহমান। তিনি বলেন, ‘দুপক্ষের মধ্যে হট্টগোলের সময় এক ছাত্রদলের কর্মীকে আটক করেছে পুলিশ। তবে কেন্দ্রের পরিস্থিতি ভালো।’

 

Read more — রাজনীতি
Home