উত্তরা প্রতিদিন
ঢাকা

ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনি অফিসে হামলা-ভাঙচুর

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ণ
ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনি অফিসে হামলা-ভাঙচুর

বরিশাল-৩ আসনে জামায়াত সমর্থিত ১১ দলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ভূঁইয়া ফুয়াদের নির্বাচনি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকাল প্রায় ১১টার দিকে ৮ থেকে ১০টি মোটরসাইকেলে করে ২০-২৫ জনের একটি দল মাধবপাশা বাজারের পাশের এবি পার্টির অস্থায়ী নির্বাচনি অফিসে অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা কার্যালয়ে ঢুকে চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং প্রচারণার লিফলেট ও অন্যান্য কাগজপত্র নষ্ট করে দ্রুত সেখান থেকে সরে পড়ে।

এ বিষয়ে ব্যারিস্টার ফুয়াদ অভিযোগ করেন, স্থানীয় কিছু দুর্বৃত্ত পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। তার দাবি, একই সঙ্গে সফিপুর, বাটামারা ও নাজিরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের কেন্দ্রে না যাওয়ার জন্যও ভয়ভীতি দেখানো হচ্ছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Read more — রাজনীতি
Home