
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির মাওলানা বেলাল উদ্দিনকে বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটকের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও দলটির মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি দাবি করেছেন, উদ্ধার হওয়া অর্থ নির্বাচন সংশ্লিষ্ট নয়; এটি বেলাল উদ্দিনের ব্যবসার টাকা।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জেলা আমিরের কাছ থেকে টাকা উদ্ধারের ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চক্রান্ত চলছে।
এর আগে বুধবার বেলা ১২টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া টাকার পরিমাণ অন্তত ৫০ লাখ টাকা। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সেনা হেফাজতে নেওয়া হয়েছে বলে জেলা পুলিশ নিশ্চিত করেছে।
পুলিশ সূত্র জানায়, মাওলানা বেলাল উদ্দিন দুপুরে ঢাকা থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে ইমিগ্রেশন পুলিশ তাকে থামায়। তল্লাশিকালে তার কাছে থাকা একটি ব্যাগ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেই ওই ব্যাগে ৫০ লাখ টাকা থাকার কথা স্বীকার করেন।
এদিকে, এ বিষয়ে বিস্তারিত জানাতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হবে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলেও তিনি উল্লেখ করেন।

