
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন আহমদকে আটক করেছে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থেকে প্রায় ৫০ লাখ টাকাসহ বেলাল উদ্দিন আহমদকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার বাড়ি ঠাকুরগাঁও সদর এলাকায়। তিনি পেশায় একজন শিক্ষক। তার লাগেজে ৫০ লাখের বেশি টাকা আছে বলে জানান তিনি।
টাকার উৎস জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এগুলো তার ব্যবসার টাকা। গার্মেন্টস ব্যবসার সাথে তার সম্পৃক্ততা রয়েছে বলেও জানান তিনি।
নীলফামারীর এসপি শেখ জাহিদুল ইসলাম জানান, বেলাল উদ্দিন আহমদকে আটক করার পর পুলিশ বিষয়টি নিয়ে বিস্তারিত অনুসন্ধান শুরু করেছে। তদন্তের অংশ হিসেবে তার সঙ্গে সংশ্লিষ্ট নথিপত্র ও অন্যান্য প্রমাণাদি সংগ্রহ করা হচ্ছে।
তিনি আরও জানান, জব্দ টাকা মেশিনে গণনা চলছে। গণনা শেষ হলে টাকার অঙ্ক জানা যাবে।

