উত্তরা প্রতিদিন
ঢাকা

কেউ জুলুম করলে হাত-পা বেঁধে পুলিশে সোপর্দ করা হবে: কায়কোবাদ

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১২ অপরাহ্ণ
কেউ জুলুম করলে হাত-পা বেঁধে পুলিশে সোপর্দ করা হবে: কায়কোবাদ

চাঁদাবাজি, অবিচার ও জুলুম-নির্যাতনের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, কেউ যদি অন্যায় কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাহলে তাকে হাত-পা বেঁধে পুলিশে সোপর্দ করা হবে।

তিনি বলেন, এলাকার সমস্যা ও সাধারণ মানুষের কথা সরাসরি শুনেই তিনি সিদ্ধান্ত নেবেন। তার কাছে যেতে কোনো নেতার প্রয়োজন নেই। কেউ যদি নেতার পরিচয় দিয়ে সাধারণ মানুষকে তার কাছে আসতে বাধা দেয়, তাহলে তাকে উপেক্ষা করে সরাসরি তার কাছে আসার আহ্বান জানান তিনি।

সাবেক এই মন্ত্রী বলেন, অন্যায়কারীর কোনো স্থান তার রাজনীতিতে নেই। সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তিনি কঠোর অবস্থানে থাকবেন এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সিএনজি ও অটোরিকশাসহ সব ধরনের পরিবহন থেকে কেউ জিপির নামে চাঁদাবাজি করতে পারবে না। চালক ও ব্যবসায়ীরা যেন নিরাপদে তাদের ব্যবসা করতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করা হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচনি প্রচারণার শেষ দিনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের ধানের শীষের প্রার্থী সাবেক মন্ত্রী ও এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ হিন্দু ধর্মাবলম্বীদের আয়োজিত এক নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এদিন, মুরাদনগরের প্রতিটি ওয়ার্ডে ধানের শীষের সমর্থনে গণমিছিল অনুষ্ঠিত হয়। বিকেলে মুরাদনগর সদরে আয়োজিত গণমিছিল ও পথসভায়ও বক্তব্য দেন তিনি।

এছাড়া কোম্পানিগঞ্জে ব্যবসায়ীদের সঙ্গে এবং সিএনজি ও অটোরিকশা চালকদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা করেন ধানের শীষের এই প্রার্থী।

এসময় আরও বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী কাজী আবু কাউছার, কাজী জুননুন বসরী, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুইয়া ও আব্দুল আজিজ মোল্লা। আহ্বায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ বাবু, উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তার মিনা, জাপান বিএনপির সহ-সম্পাদক সাজ্জাদ হোসাইন সজিব, উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ এবং স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাহও বক্তব্য রাখেন।

 

Read more — রাজনীতি
Home