
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বেড়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন দাম আজ সকাল থেকেই কার্যকর।
বাজুসের তথ্যানুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম এখন ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা। তাছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।
এর আগে গত শনিবার রাতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।
সম্প্রতি বাংলাদেশসহ বিশ্ববাজারে স্বর্ণের দাম নাটকীয়ভাবে ওঠানামা করছে। বার বার দাম সমন্বয়ের কারণে বিভ্রান্ত হচ্ছেন ব্যবসায়ী-ক্রেতা উভয়ই।
দেশে ২০২৩ সালের জুলাইয়ে প্রথমবার এই ধাতুটির দাম ভরিতে লাখ টাকা ঘরে পৌঁছায়।

