উত্তরা প্রতিদিন
ঢাকা

নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট

দ্বৈত নাগরিকত্বের অভিযোগ
উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪২ অপরাহ্ণ
নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা–১১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মো. নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা–১১ আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী শামীম আহমেদ এই রিট আবেদন করেন।

রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন সচিব, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা এবং নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে।

আবেদনে উল্লেখ করা হয়, নাহিদ ইসলাম ২০২৫ সালের ২০ এপ্রিল ক্যারিবীয় দ্বীপ রাষ্ট্র ডোমিনিকার নাগরিকত্ব গ্রহণ করেন। অথচ বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো দ্বৈত নাগরিক জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেন না। এ কারণে তার প্রার্থিতা অবৈধ ঘোষণা করে তা স্থগিতের নির্দেশনা চাওয়া হয়েছে।

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রিটের ওপর শুনানি হতে পারে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১, ২২, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সবুজবাগ এলাকার ২৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা–১১ সংসদীয় আসন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৮৭৭ জন, নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ১৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন তিনজন।

এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির এম এ কাইয়ুম, এনসিপির মো. নাহিদ ইসলাম, স্বতন্ত্র প্রার্থী কহিনূর আক্তার বীথি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের কাজী মো. শহীদুল্লাহ, গণফোরামের মো. আবদুল কাদের, গণঅধিকার পরিষদের মো. আরিফুর রহমান, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. জাকির হোসেন, ন্যাশনাল পিপলস্‌ পার্টির মো. মিজানুর রহমান, জাতীয় পার্টির শামীম আহমেদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ।

 

Read more — রাজনীতি
Home