
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে আগামী ১৫ ফেব্রুয়ারি ভারত বনাম পাকিস্তানের ম্যাচটি নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) লাহোরে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জরুরি বৈঠকে বসছে।
বিশেষ সূত্রে জানা যায়, এই আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গটিও গুরুত্ব পাবে। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান আমিনুল ইসলাম বুলবুল লাহোরেই অবস্থান করছেন এবং বৈঠকে উপস্থিত থাকবেন।
আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজাসহ দুই কর্মকর্তা আজ বিকেল ৪টায় লাহোরে পৌঁছান। বৈঠকে অংশ নিতে পারেন আইসিসির প্রধান নির্বাহী সঞ্জয় গুপ্তাও।
পাকিস্তান দাবি করছে, ভারতের বিপক্ষে ম্যাচটি না খেলার পেছনে তাদের মূল লক্ষ্য হলো বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করা।
জানা গেছে, পিসিবি আইসিসির কাছে বাংলাদেশসংক্রান্ত কিছু দাবি তুলে ধরতে পারে! সেগুলো হলো:
ভারতে খেলতে না যাওয়ার জন্য বাংলাদেশের ওপর যেন কোনো জরিমানা বা শাস্তি আরোপ না করা হয়।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অনাপত্তি পত্র (এনওসি) নিয়ে যেন কোনো সমস্যা তৈরি না করা হয়।
দ্বিপাক্ষিক সিরিজগুলোতে যেন এর কোনো প্রভাব না পড়ে।
এই শর্তের বিনিময়ে পাকিস্তান তাদের ভারত ম্যাচটি খেলার বিষয়ে পুনর্বিবেচনা করতে পারে।
গত বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মন্ত্রিপরিষদকে জানিয়েছিলেন যে, ভারতের বিপক্ষে ম্যাচটি বর্জন করার সিদ্ধান্তটি বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে নেওয়া হয়েছে।
এদিকে, আইসিসি বোর্ড ১৪-২ ভোটে বিশ্বকাপের নির্ধারিত সূচিতে অটল থাকার সিদ্ধান্ত নিয়েছে এবং বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করেছে।

