উত্তরা প্রতিদিন
ঢাকা

আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন: মির্জা আব্বাস

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৪ অপরাহ্ণ
আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন: মির্জা আব্বাস

আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। তিনি বলেন, ‘আমি যেন নির্বাচনের দিন ১২ তারিখ পর্যন্ত ধৈর্য ধরে থাকতে পারি—এই দোয়া করি।’

রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচনী প্রচারণাকালে এসব কথা বলেন মির্জা আব্বাস।

এসময় তিনি অভিযোগ করেন, ‘নির্বাচন বানচালের জন্য কয়েকটি দল পরিকল্পিতভাবে কাজ করছে এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফল পরিবর্তনের চেষ্টা করা হতে পারে।’ মির্জা আব্বাসের দাবি, ‘নিজেরা যা করবে, তার দায় অন্য দলের ওপর চাপিয়ে দেয়া হচ্ছে। কারণ তাদের সমর্থিত দল এখন ক্ষমতায় রয়েছে।’

প্রতিপক্ষ প্রার্থীরা তাকে স্লেজিং করছে, এটা তিনি কীভাবে নিচ্ছেন এমন প্রশ্নে মির্জা আব্বাস বলেন, ‘আমাকে ইরিটেট করতে, মানসিকভাবে অশান্ত করতে একটা মহল এমন করছে। তাদের ভাব এমন যে আমাকে মারে না কেন। কিন্তু আমি এই জায়গায় যাবোই না। কারণ তারা সিম্প্যাথী দেখিয়ে ভোট নিতে চাইছে, আমি এই সুযোগ দেব কেন?’

এসময় যাদের দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই, তারা কীভাবে ১২ তারিখের পর ক্ষমতায় এসে ‘দেখে নেয়ার’ হুমকি দেয়—তা নিয়েই প্রশ্ন তোলেন তিনি। তার ভাষায়, ‘এই সাহস তারা পেয়েছে, কারণ সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় তাদের লোক বসানো আছে, যারা প্রয়োজন হলে তাদের ইচ্ছেমতো নির্বাচনের ফল ম্যানিপুলেট করার কাজ করছে।’

 

Read more — রাজনীতি
Home