উত্তরা প্রতিদিন
ঢাকা

জুলাই বিপ্লবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে শিবির : ডা. জাহাঙ্গীর

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৭ অপরাহ্ণ
জুলাই বিপ্লবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে শিবির : ডা. জাহাঙ্গীর

রাজশাহী-২ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও রাজশাহী মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বলেছেন, জুলাই আন্দোলনে ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ভূমিকা ছিল সবচেয়ে অগ্রণী ও গুরুত্বপূর্ণ। ১৯৭৭ সাল থেকে আজ পর্যন্ত ছাত্রশিবির অন্যায়, অপরাধ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার রয়েছে এবং ভবিষ্যতেও সাধারণ ছাত্রদের অধিকার রক্ষায় তাদের ন্যায়নিষ্ঠা অটুট থাকবে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে সংগঠনের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। র‍্যালিটি নগরীর জাদুঘর মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে শেষ হয়।

ডা. জাহাঙ্গীর বলেন, ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে মাত্র ছয়জন তরুণের হাত ধরে যাত্রা শুরু করে ছাত্রশিবির। আজ ৪৯ বছর পর এটি দেশের অন্যতম আদর্শিক ও পরিণত সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ছাত্রশিবির অসংখ্য অভিভাবকের স্বপ্নের সংগঠন।

তিনি আরও বলেন, ১৯৭৮ সালে আমরা প্রথম হামলার শিকার হই এবং ১৯৮২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ সাব্বিরসহ চারজন শাহাদাত বরণ করেন। তারপর থেকে শহীদ আল-আমিন পর্যন্ত শতাধিক নেতাকর্মী জীবন দিয়েছেন। এত জুলুম ও মামলা-হামলার পরও কাফেলাটি থেমে যায়নি।

ছাত্রশিবিরের মহানগর সেক্রেটারি ইমরান নাজির বলেন, ২০২৪ সালের ২১ জুলাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিপ্লবের সাথে নিজেদের সম্পর্ক না থাকার কথা বললেও, ছাত্রশিবির সাধারণ ছাত্রদের নিয়ে খুনি হাসিনাকে বিতাড়িত করতে প্রথম সারিতে ছিল। জুলাই বিপ্লব ও নতুন বাংলাদেশের নির্মাণে ছাত্রশিবিরের ভূমিকা অনস্বীকার্য।

তিনি আরও দাবি করেন, বিগত ১৭ বছরে ছাত্রশিবিরের নেতাকর্মীরা দেশের জন্য লড়াই করে পালিয়ে যায়নি। এ পর্যন্ত সংগঠনের ২৩৪ জন শহীদ হয়েছেন। আমরা কোনো রক্তচক্ষুকে ভয় পাই না। আগামীর বাংলাদেশ হবে ইসলাম, ন্যায় ও ইনসাফের দেশ।

বক্তারা আশা প্রকাশ করেন, ছাত্রশিবিরের সততা ও নৈতিকতার কারণে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা তাদের পাশে দাঁড়িয়েছে। আগামীতে যে সমস্ত বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ নির্বাচন হবে, সেখানে ছাত্রশিবির বিপুল বিজয় অর্জন করবে বলে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

র‍্যালিতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মহানগর শিবিরের অফিস সম্পাদক ডা. সাখওয়াত হোসেন, প্রকাশনা সম্পাদক নাজির হোসেন সুপ্ত, রাজশাহী কলেজ শিবিরের সভাপতি মাহমুদুল হাসান মাসুমসহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী। র‍্যালি চলাকালে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজশাহীর রাজপথ।

Read more — রাজনীতি
Home