উত্তরা প্রতিদিন
ঢাকা

ধানের শীষ দেশের মানুষের একমাত্র পাহারাদার: মিলন

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ণ
ধানের শীষ দেশের মানুষের একমাত্র পাহারাদার: মিলন

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন আজ শুক্রবার পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগকালে বলেন, ধানের শীষ হচ্ছে বাংলাদেশের মানুষের একমাত্র পাহারাদার। বিএনপি ক্ষমতায় থাকলে দেশের সার্বিক উন্নয়ন হয় এবং মানুষ শান্তিতে বসবাস করতে পারে।

মিলন জানান, গত ১৭ বছরে পবা-মোহনপুর অঞ্চলে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। অধিকাংশ রাস্তা ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, যার ফলে সাধারণ মানুষের চলাচলে অসুবিধা এবং ধুলাবালি পরিবেশ দূষণের কারণ হয়ে দাঁড়িয়েছে। নির্বাচিত হলে রাস্তা সংস্কার, পুনর্নির্মাণ ও নতুন রাস্তা নির্মাণে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া এই এলাকার যেসব উন্নয়ন হয়েছে, তার সবই বিএনপির আমলে হয়েছে।

জামায়াতে ইসলামী বাংলাদেশে কোনো নির্বাচন হোক না চায় অভিযোগ করে তিনি বলেন, রাজশাহীতে তারা নানা উসকানিমূলক বক্তব্য ও কটূক্তি করছে। তবে বিএনপি ধৈর্যের পরিচয় দিচ্ছে কারণ আমরা মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল। আমরা দেশের জন্য কাজ করি, দেশবিরোধী কোনো দলের ফাঁদে পা দেবো না।

নারী অধিকার নিয়ে মিলন বলেন, জামায়াত এখন নারী উন্নয়নের কথা বললেও তারা নারীদের উন্নয়নে বিশ্বাসী নয়। সাম্প্রতিক সময়ে তাদের আমির ড. শফিকুর রহমানের কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য তার প্রমাণ। এছাড়া এবারের নির্বাচনে জামায়াতে ইসলামির কোনো নারী প্রার্থী নেই।

বর্তমান নির্বাচনী পরিবেশ ভালো থাকায় তাদের কোনো শঙ্কা নেই বলেও জানান মিলন। তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিএনপি ক্ষমতায় এলে নারী উন্নয়নে প্রশিক্ষণের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলা হবে এবং ফ্যামিলি কার্ড প্রদান করা হবে বলে জানান তিনি। পাশাপাশি রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা অনুযায়ী দেশ পুনর্গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।

যুবসমাজের কর্মসংস্থান প্রসঙ্গে মিলন বলেন, পবা-মোহনপুর এলাকায় স্মল ইন্ডাস্ট্রি গড়ে তোলা এবং উদ্যোক্তা সৃষ্টি করে যুবক-যুবতীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। এছাড়া সকল ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন এবং সেখানে কর্মরতদের জন্য সম্মানী ভাতা প্রদানের উদ্যোগ নেওয়া হবে।

কৃষি খাতে উন্নয়নের জন্য কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরণ, ভূগর্ভস্থ পানি উত্তোলন কমাতে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি। শিক্ষার উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার ও নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আধুনিকায়ন ও শয্যা সংখ্যা বৃদ্ধির কথাও উল্লেখ করেন।

সর্বশেষ ভোটারদের উদ্দেশে মিলন বলেন, “ভোটের দিন সকালে ফ্রেশ হয়ে সকাল ৭টার মধ্যে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করবেন।”

গণসংযোগকালে হরিয়ান ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে মিছিল ও স্লোগান দিয়ে এলাকায় ব্যাপক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। স্থানীয়রা ধানের শীষের পক্ষে স্লোগান দেন এবং শফিকুল হক মিলনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনেক সিনিয়র ভোটার আবেগাপ্লুত হয়ে তার মাথায় হাত রেখে দোয়া করেন এবং ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, হরিয়ান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক বাদশা মিয়া, সাবেক সভাপতি আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শামসুল আল, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, আসাদুজ্জামান বাবু, ইসরাফিল হোসেন সাধু, মুকুল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read more — রাজনীতি
Home