
জাতিসংঘের অধীনে ওসমান হাদি হত্যার তদন্ত ও হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে গেলে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করেছে পুলিশ। এ সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ৪টা ২০ মিনিটে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গিয়েছেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
এর আগে, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনা অভিমুখে যাওয়ার সময় পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যেতে গেলে পুলিশ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের বাধা দেয়। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে।
এদিকে, এদিন বিকেলে আব্দুল্লাহ আল জাবেরের ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, জাবের ভাই গুলিবিদ্ধ। জুমা-শান্তাকে বুট দিয়ে পাড়ানো হয়েছে। এতে আহত হয়েছেন শতাধিক নেতাকর্মী।

