
জামায়াতে ইসলামীর আমিরের পর এবার দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জামায়াতের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলের এক্স অ্যাকাউন্ট সাইবার হামলার শিকার। জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের এক্স আইডি হ্যাকিংয়ের শিকার হওয়ার পর এবার সেক্রেটারি জেনারেলের আইডিতে সাংঘাতিক সাইবার হামলা হয়েছে। দুর্বৃত্তরা হ্যাকিংয়ের পর তার আইডি থেকে আপত্তিকর পোস্ট দিয়েছে।
এতে বলা হয়, এ বিষয়টির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক জামায়াতে ইসলামীর নেতাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হামলা চালানো হচ্ছে। দুষ্কৃতকারীরা রাত ৮টা ৩১ মিনিটের দিকে অ্যাকাউন্টটিতে ডিভাইস হ্যাকিংয়ের মাধ্যমে একটি পোস্ট দেয়। বিষয়টি কেন্দ্রীয় সোশ্যাল মিডিয়া টিমের নজরে আসলে সঙ্গে সঙ্গে তা ডিলিট করা হয়। এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে, গত শনিবার জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল ব্যবহার করে ‘নারীবিদ্বেষী’ পোস্ট ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
দলটির দাবি, ভারতের তৈরি ম্যালওয়্যার দিয়ে আমিরের অ্যাকাউন্ট হ্যাক কোরে অনাকাঙ্ক্ষিত পোস্ট দেওয়া হয়।

