উত্তরা প্রতিদিন
ঢাকা

যুক্তরাষ্ট্র-রাশিয়া পারমাণবিক চুক্তির মেয়াদ শেষের পথে, বিশ্ব নিরাপত্তায় উদ্বেগ

বিদেশ ডেস্ক ৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৩ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্র-রাশিয়া পারমাণবিক চুক্তির মেয়াদ শেষের পথে, বিশ্ব নিরাপত্তায় উদ্বেগ

রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী সেরগেই রিয়াবকভ সতর্ক করেছেন, ‘নিউ স্টার্ট’ চুক্তি ৫ ফেব্রুয়ারি শেষ হয়ে গেলে কৌশলগত নিরাপত্তার ক্ষেত্রে নতুন সংকট সৃষ্টি হতে পারে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) চীনে অবস্থিত রাশিয়ান দূতাবাসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রিয়াবকভ বলেন, মস্কো চুক্তির শর্তাবলী আরও এক বছরের জন্য অনুসরণ করার প্রস্তাব ইতোমধ্যেই পাঠিয়েছে, তবে যুক্তরাষ্ট্র এখনও কোনো প্রতিক্রিয়া দেয়নি।

তিনি বলেন, ‘আমরা সবকিছু সময়মতো সম্পন্ন করেছি। তাদের প্রতিক্রিয়ার অভাবও এক ধরনের প্রতিক্রিয়া।’

রিয়াবকভ বলেন, মস্কো ওয়াশিংটনের কাছে আর কোনো বার্তা পাঠাবে না।

তিনি আরও উল্লেখ করেন, দুটি দেশের মধ্যে কৌশলগত নিরাপত্তা সংলাপ পুনরায় শুরু করতে যুক্তরাষ্ট্রের উচিত রাশিয়ার সঙ্গে তার সম্পর্কের নীতি ব্যাপকভাবে পরিবর্তন করা। তবে রিয়াবকভ নিশ্চিত করেছেন যে,  নিউক্লিয়ার চুক্তি শেষ হলে রাশিয়া নতুন কোনো হুঁশিয়ারির দৌড়ে অংশ নেবে না।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আলাদা করে সতর্ক করেছেন যে, চুক্তি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ব একটি ‘সঙ্কটজনক’ মুহূর্তে প্রবেশ করতে যাচ্ছে।

তিনি বলেন, ‘কয়েক দিনের মধ্যে বিশ্ব এমন একটি অবস্থায় থাকবে যা এর আগে কখনও হয়নি।’

তিনি আরও যোগ করেন, ‘কয়েক দিনের মধ্যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দুই দেশ একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণমূলক দলিল ছাড়া থাকবে, যা তাদের নিউক্লিয়ার অস্ত্র সীমিত এবং পর্যবেক্ষণ করত।’

নিউ স্টার্ট চুক্তি ২০১০ সালে স্বাক্ষরিত হয়েছিল যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেডভেদেভের মধ্যে। চুক্তি অনুযায়ি, যুক্তরাষ্ট্র ও রাশিয়া সর্বোচ্চ ১ হাজার ৫৫০ কৌশলগত নিউক্লিয়ার যুদ্ধাস্ত্র এবং ৭০০ দীর্ঘমেয়াদি ক্ষেপণাস্ত্র ও বোমারু স্থাপন করতে পারবে। এ ছাড়াও, প্রতিটি দেশ সর্বোচ্চ ৮০০ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপন করতে পারবে এবং প্রতি বছর ১৮ বার করে পরিদর্শন করতে পারবে, যেন অন্য দেশ চুক্তি ভঙ্গ না করে।

চুক্তি ২০১১ সালে কার্যকর হয় এবং ২০২১ সালে পুনরায় নবায়ন করা হয়।

 

 

Read more — আন্তর্জাতিক
Home