উত্তরা প্রতিদিন
ঢাকা

যে ভুল থেকে শুদ্ধতার পথে ফেরার নামই মনুষ্যত্ব

উত্তরা ডেস্ক ৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৬ অপরাহ্ণ
যে ভুল থেকে শুদ্ধতার পথে ফেরার নামই মনুষ্যত্ব

মানুষ ভুল করে, আর সেই ভুল থেকে শুদ্ধতার পথে ফেরার নামই মনুষ্যত্ব। পবিত্র কোরআনের সুরা তাহরীমের ৮ নম্বর আয়াতে মহান আল্লাহতায়ালা বলেন,‘হে মুমিনগণ! তোমরা আল্লাহর নিকট তওবা করো, বিশুদ্ধ তাওবা। আশা করা যায়, তোমাদের প্রভু তোমাদের পাপগুলো মুছে দেবেন এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যার পাদদেশে নদীসমূহ বয়ে যায়।’

কোরআনের এই আহ্বান কেবল কিছু শব্দের উচ্চারণ নয়, বরং এটি এক গভীর ও নির্মল প্রত্যাবর্তনের নাম। আমরা অনেকেই মনে করি ‘আস্তাগফিরুল্লাহ’ বলাই বোধহয় তাওবা। কিন্তু প্রকৃত তাওবা বা ‘তাওবাতুন নাসুহা’ হলো জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার এক সাহসি সিদ্ধান্ত। এটি এমন এক অনুশোচনা, যেখানে অতীতের পঙ্কিলতাকে ঘৃণা করতে শেখায় এবং আগামীর পথকে আলোর আভায় রাঙিয়ে দেয়।

তাওবার উদ্দেশ্য হলো—পেছনের ভুলকে পেছনে ফেলে সামনে আল্লাহর দিকে হাঁটা। এটি কোনো এক রাতের সাময়িক কান্না নয়, বরং সারাজীবনের জন্য পাপে আর না ফেরার এক অটল প্রতিজ্ঞা।

সহজ কথায়, ইস্তিগফার হলো তাওবার জিহ্বা, আর তাওবা হলো ইস্তিগফারের প্রাণ। মুখে ক্ষমা চাওয়া তখনই সার্থক হয়, যখন হৃদয় অনুতাপে সিক্ত হয়। যদি অন্তর না ভেজে, তবে ইস্তিগফার কেবল শব্দ হয়েই বাতাসে মিলিয়ে যায়। কিন্তু যখনই একটি হৃদয় আল্লাহর ভয়ে ভেঙে যায় এবং লজ্জায় নত হয়, তখনই আল্লাহর রহমত সেই বান্দার দিকে ধেয়ে আসে।

ভুল স্বীকার করতে পারা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। নিজেকে বদলানোর জন্য প্রচণ্ড মানসিক শক্তির প্রয়োজন হয়। তাই তাওবা কোনো দুর্বল মানুষের পরিচয় নয়, বরং এটি একজন ঈমানদারের সাহসের প্রতীক। অপরাধবোধে জর্জরিত হৃদয়ের জন্য সুরা তাহরীমের এই আয়াত যেন এক প্রশান্ত নদীর কলতান, যা বারবার বলছে,‘ফিরে এসো, এখনো সময় ফুরিয়ে যায়নি; রহমতের দরজা এখনো খোলা।’

বান্দা যখন তাওবা করে, মহান রব কতটা খুশি হন? রাসুলুল্লাহ (সা.) বলেছেন, মরুভূমিতে উট হারিয়ে আবার ফিরে পেলে একজন মানুষ যতটা খুশি হয়, বান্দার তাওবায় আল্লাহতায়ালা তার চেয়েও বেশি খুশি হন (সহীহ মুসলিম: ২৭৪৭)।

এই সময়টা আমাদের সেই মাহেন্দ্রক্ষণ। পবিত্র মাসে তাওবার স্নিগ্ধ আলোয় জীবনকে নতুন করে সাজাই উপযোগী সময়। মনে রাখা প্রয়োজন! তাওবা মানে অতীত মুছে ফেলা নয়, বরং অতীত থেকে শিক্ষা নিয়ে একটি সুন্দর ভবিষ্যৎ গড়া। আল্লাহর কাছে ফিরতে কোনো মাধ্যম লাগে না, লাগে শুধু একটি ভাঙা হৃদয় আর একটি খাঁটি সিদ্ধান্ত।

 

Read more — ধর্ম
Home