
বিএনপির যুগ্ম-মহাসচিব ও ধানের শীষ প্রতীকের প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, বিএনপি ছাড়া দেশকে রক্ষা করার মতো সক্ষমতা আর কোনো রাজনৈতিক দলের নেই। আওয়ামী লীগ দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে ও খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়ে গেছে, আর সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে উদ্ধার করার ক্ষমতা একমাত্র বিএনপিরই রয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নরসিংদী সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নে নির্বাচনি প্রচারণাকালে এসব কথা বলেন তিনি।
খায়রুল কবির খোকন বলেন, ‘পাপ বাপকেও ছাড়ে না। আওয়ামী লীগ ও ফ্যাসিস্ট হাসিনা অপকর্ম ও অন্যায় করেছে বলেই তাদের পতন হয়েছে।’
তিনি আরও দাবি করেন, বর্তমানে নৌকা প্রতীক নেই এবং আওয়ামী লীগ নির্বাহী আদেশে নিষিদ্ধ রয়েছে। মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে দলটি অপরাধী বলেও মন্তব্য করেন তিনি।
নির্বাচনি প্রচারণা সভায় নরসিংদী জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

