উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহীতে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

ভিপি নূরের ওপর হামলার প্রতিবাদ
উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ৩০ আগস্ট ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ণ
রাজশাহীতে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

ঢাকায় গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। এসময় বিক্ষুব্ধরা জাতীয় পার্টির জেলা ও মহানগর কার্যালয়ে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেন।

শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সাহেববাজার জিরোপয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা নানা স্লোগানে রাজপথ মুখরিত করেন।

পরে গণকপাড়া এলাকায় জাতীয় পার্টির জেলা ও মহানগর কার্যালয়ের দরজা, চেয়ার-টেবিল ও সাইনবোর্ড ভাঙচুর করে সেগুলো রাস্তায় এনে অগ্নিসংযোগ করা হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ঢাকায় জাতীয় পার্টি অফিসের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতিকালে ভিপি নূর ও তার সহযোগীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। এ হামলার জন্য তারা জাতীয় পার্টি, আওয়ামী লীগ, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীকে দায়ী করেন।

বক্তারা বলেন, এই ঘটনা প্রমাণ করে দেশে ফ্যাসিবাদী শাসন চলছে। বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। দোষীদের দ্রুত আইনের আওতায় না আনা হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা।

বিক্ষোভে উপস্থিত ছিলেন এনসিপি রাজশাহী জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজু, মহানগর শাখার প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী, যুগ্ম সমন্বয়কারী সারোয়ারুল হক রবিন প্রমুখ।

Read more — রাজনীতি
Home