
নিরাপত্তা চেয়ে জেলা রিটার্নিং অফিসারের কাছে আবেদন করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসন থেকে ‘আমার বাংলাদেশ পার্টি’ মনোনীত ঈগল প্রতীকের প্রার্থী সাইদ নোমান। তিনি অভিযোগ করেছেন, নির্বাচনী প্রচারণায় তাকে বাধা ও ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা চলছে।
আজ রোববার বিকেল সাড়ে ৫টায় দেওয়া আবেদনপত্রে সাইদ নোমান উল্লেখ করেন, ১৯৭১ সালের পর আমি রাজশাহীর সবচেয়ে তরুণ প্রার্থী। তাই প্রচারণায় তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এবং রাজনৈতিক অবস্থান শক্তিশালী হচ্ছে। তবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা তাকে নির্বাচনী ময়দান থেকে সরিয়ে দিতে ব্যর্থ হয়ে তাকে এবং দলের নেতাকর্মীদের শারীরিকভাবে হামলার ষড়যন্ত্র করছে।
ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি প্রশাসনের কাছে নিরাপত্তা নিশ্চিতে অনুরোধ জানান, যাতে নির্বিঘ্নে প্রচারণা চালিয়ে যেতে পারেন।
নোমান বলেন, আমাকে নির্বাচনী মাঠ থেকে সরানোর প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় প্রতিপক্ষরা হামলার পরিকল্পনা করছে। আমি বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি। যদি আমার কিছু ঘটে, তার দায় প্রশাসনের।
এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আফিয়া আখতারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, জামায়াতে ইসলামীর জোটসঙ্গী হয়েও রাজশাহী-২ (সদর) আসনে এবি পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাইদ নোমান।

