উত্তরা প্রতিদিন
ঢাকা

দাঁড়িপাল্লায় ও ‘হ্যাঁ’ ভোটেই ফিরবে হারানো গণতান্ত্রিক অধিকার : আবুল কালাম আজাদ

উত্তরা প্রতিদিন পবা প্রতিবেদক ৩১ জানুয়ারি ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ণ
দাঁড়িপাল্লায় ও ‘হ্যাঁ’ ভোটেই ফিরবে হারানো গণতান্ত্রিক অধিকার : আবুল কালাম আজাদ
পারিলা ইউনিয়নে নির্বাচনি গণসংযোগকালে দাঁড়িপাল্লায় ভোট চান জামায়াত প্রার্থী আবুল কালাম আজাদ-উত্তরা প্রতিদিন

গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের মৌলিক ও ভোটাধিকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ। তিনি বলেছেন, দাঁড়িপাল্লা প্রতীকে এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই জনগণের হারানো গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার সম্ভব।

শনিবার সকালে রাজশাহী-৩ আসনের পারিলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনি গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব—এটাই প্রকৃত গণতন্ত্র। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বিগত স্বৈরাচারী সরকারের সময়ে দেশের মানুষ এই মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, দিনের ভোট রাতে চুরি করে জনগণের মতামত উপেক্ষা করা হয়েছে, যার ফলে ভোটব্যবস্থার ওপর মানুষের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জামায়াত মনোনীত এই প্রার্থী বলেন, দীর্ঘদিন ধরে চলমান অনিয়ম, ভয়ভীতি ও ভোটাধিকার হরণের অবসান ঘটাতে এখনই সময় গণতান্ত্রিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া মানে শুধু একটি প্রতীকে সমর্থন নয়; এটি ন্যায়বিচার, সুশাসন এবং জনগণের শাসন প্রতিষ্ঠার পক্ষে সুস্পষ্ট অবস্থান।

গণসংযোগকালে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান। শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণই পারে গণতন্ত্রের সৌন্দর্য ও মর্যাদা ফিরিয়ে আনতে।

এ সময় তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। স্থানীয়রা জানান, দীর্ঘ সময় পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকায় মানুষের মধ্যে নতুন করে আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। তাঁদের মতে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্র ও সমাজে ইতিবাচক পরিবর্তন সম্ভব।

Read more — রাজনীতি
Home