উত্তরা প্রতিদিন
ঢাকা

বগুড়া বিএনপির ঘাঁটি, এটি আপনারা দেখে রাখবেন: নেতা-কর্মীদের তারেক রহমান

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ৩১ জানুয়ারি ২০২৬, ০৪:২৯ অপরাহ্ণ
বগুড়া বিএনপির ঘাঁটি, এটি আপনারা দেখে রাখবেন: নেতা-কর্মীদের তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা বলছেন— বিএনপির ঘাঁটি বগুড়া, সামনে ভোটের মাধ্যমে দেখিয়ে দেন বগুড়া সত্যিকারে বিএনপির ঘাঁটি। এই ঘাঁটি রক্ষার দায়িত্ব আপনাদের।

শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় বগুড়ার ফোরস্টার হোটেল নাজ গার্ডেনে নিজের নির্বাচনি এলাকা বগুড়া-৬ (সদর) আসনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান আসন্ন নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন। সভায় উপস্থিত কোনো কোনো নেতা মন্তব্য করেন, বগুড়ায় ধানের শীষের যে জনপ্রিয়তা, তাতে ভোটারের কাছে না গেলেও বিপুল ভোটে জয় নিশ্চিত। তবে এই মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে তারেক রহমান বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। বসে থাকলে চলবে না, সবার কাছেই যেতে হবে। জনবিচ্ছিন্ন হয়ে জয়ের আশা করা যাবে না।’

তারেক রহমান আরও যোগ করেন, ‘বগুড়ার সাতটি আসনেই বড় ব্যবধানে জয় নিশ্চিত করতে হবে। জয়ের ব্যবধান যত বেশি হবে, জনরায়ের প্রতিফলন ততটাই শক্তিশালী হবে।’

তারেক রহমান এবার বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সারা দেশে নির্বাচনী প্রচারের ব্যাপক ব্যস্ততার কারণে তিনি নিজের আসনে সময় দিতে পারবেন না বলে জানান। নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘অতীতে নানা সময়ে আপনাদের কাছে এসেছি। এবার প্রার্থী হয়ে এসেছি। তবে আমার নির্বাচন করার দায়িত্ব আপনাদের। কারণ, সারা দেশে আমাকে যেতে হচ্ছে। এই ঘাঁটির দায়িত্ব আপনাদের সঁপে দিলাম, এই ঘাঁটির জনগণকে আপনারা দেখে রাখবেন।’

বেলা ১১টায় শুরু হওয়া এই সভায় তারেক রহমান প্রথমে স্থানীয় নেতাদের অভাব-অভিযোগ ও পরামর্শ শোনেন। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই মতবিনিময় সভায় তৃণমূল পর্যায়ের সাংগঠনিক শক্তির ওপর জোর দেওয়া হয়।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী ও খায়রুল বাশার। সভায় বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র এ কে এম মাহবুবুর রহমান, চেয়ারম্যানের উপদেষ্টা ও বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন এবং আলী আজগর তালুকদার, বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান প্রমুখ।

Read more — রাজনীতি
Home