
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৩ আসনে জমে উঠেছে সরব প্রচারণা। এই আসনে আজ শুক্রবার হড়গ্রাম ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেন জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ।
পথসভায় অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, 'আমি দীর্ঘ ২৮ বছর ধরে হড়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। তাই আমি বলতে পারি, দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত জনগণ এবার উৎসবমুখর পরিবেশে ভোট দিতে মুখিয়ে রয়েছে। জনগণ বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তুলতে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেবে।'
তিনি আরও বলেন, আমাদের বিশ্বাস, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ দাঁড়িপাল্লার পক্ষে রায় দেবেন। আমরা সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ভোট দিয়ে এক নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করছি।
আগামী দিনের পরিবর্তনের প্রত্যাশায় জামায়াত প্রার্থী বলেন, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। এজন্য দরকার জনগণের ঐক্যবদ্ধ শক্তি এবং তাদের মুক্ত ও সঠিক ভোটাধিকার প্রয়োগ। জনগণ যদি এই অধিকার প্রয়োগ করে, তাহলে এক সুন্দর সমাজ গড়ে উঠতে বাধা আর থাকবে না।
গণসংযোগকালে তিনি হড়গ্রামসহ রাজশাহী-৩ আসনের বিভিন্ন এলাকায় ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার তরুণ ভোটারদের মন জয় করতে বিশেষ গুরুত্ব দেন। কর্মসূচিতে তিনি কখনো গাড়িতে, কখনো হেঁটে অংশগ্রহণ করেন। এ সময় বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও অনুসারী তার সঙ্গে উপস্থিত ছিলেন।

