উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানের সভামঞ্চে তারেক রহমান

মিছিল-স্লোগানে উত্তাল জনসভাস্থল
উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২৯ জানুয়ারি ২০২৬, ০২:২৭ অপরাহ্ণ
 রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানের সভামঞ্চে তারেক রহমান

দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে ঐতিহাসিক মাদ্রাসা ময়দান ও আশপাশের এলাকা পরিণত হয়েছে জনসমুদ্রে। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে লাল রঙের বুলেটপ্রুফ গাড়িবহর নিয়ে তিনি মাদ্রাসা ময়দানে প্রবেশ করেন। এ সময় তিনি সভামঞ্চে উঠে হাত নেড়ে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের শুভেচ্ছা জানান। বর্তমানে তিনি জনসভা মঞ্চে নিজের আসনে অবস্থান করছেন।

এর আগে দুপুর ১২টা ১৮ মিনিটে ঢাকার একটি বিশেষ ফ্লাইটে তারেক রহমান রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জোবাইদা রহমান। বিমানবন্দর থেকে সড়কপথে তিনি শহরের উদ্দেশে রওনা দেন। দুপুর দেড়টার দিকে তিনি হজরত শাহ মখদুম (রহ.)–এর পবিত্র মাজার জিয়ারত করেন। সেখানে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। এরপর তিনি সরাসরি ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে নির্বাচনী জনসভায় যোগ দেন।

এর আগে, আজ সকাল সাড়ে ১০টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিএনপির নির্বাচনী জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সকাল থেকেই রাজশাহী মহানগর ও জেলার বিভিন্ন থানা-উপজেলা ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার নানা এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। সকাল ১০টার মধ্যেই রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি সংসদীয় আসনের নেতাকর্মীদের উপস্থিতিতে মাদ্রাসা ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

সকাল থেকেই নগরের বিভিন্ন ওয়ার্ড, থানা ও উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভা মাঠে প্রবেশ করেন। মিছিলে স্লোগান, ব্যানার ও ফেস্টুনে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সংসদ সদস্য প্রার্থীদের বড় বহর মাঠে প্রবেশ করলে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস আরও বেড়ে যায়।

বিপুল মানুষের চাপে মাদ্রাসা ময়দান ও আশপাশের সড়কে যান চলাচল সীমিত হয়ে পড়ে। অনেক তরুণকে প্রিয় নেতাকে এক নজর দেখার আশায় গাছ, উঁচু দেয়াল ও বিভিন্ন স্থাপনার ওপর উঠে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তরুণ, যুবক ও বৃদ্ধ—সব বয়সী মানুষের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে।

বর্তমানে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা সভামঞ্চে বক্তব্য রাখছেন। তারেক রহমান তাঁর বক্তব্যে এ অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চাইবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

জনসভাকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মাঠ ও আশপাশের এলাকায় পুলিশ, র‍্যাব ও বিজিবিকে সতর্ক অবস্থানে দেখা গেছে। সভামঞ্চের সামনে ও গুরুত্বপূর্ণ প্রবেশপথে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয়েছে। আকাশে ড্রোন উড়িয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

রাজশাহী নগর পুলিশের উপকমিশনার মো. গাজিউর রহমান বলেন, ‘জনসভা ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। সাদা পোশাকে গোয়েন্দা পুলিশও মাঠে কাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।’

রাজশাহীর জনসভা শেষে বিকেল সাড়ে ৫টায় নওগাঁর এটিএম মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। সেখানে জয়পুরহাটের নেতাকর্মীরা অংশ নেবেন। এরপর তিনি সড়কপথে নিজ জেলা বগুড়ার উদ্দেশে রওনা হবেন। সন্ধ্যা সাড়ে ৭টায় বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে আরও একটি নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান। রাত সাড়ে ৮টায় তিনি বগুড়ার হোটেল নাজ গার্ডেনে রাত্রিযাপন করবেন।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৪ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে রাজশাহী সফর করেছিলেন তারেক রহমান। দলীয় প্রধান হিসেবে এটিই তাঁর প্রথম রাজশাহী সফর। এই সফরকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

Read more — রাজনীতি
Home