উত্তরা প্রতিদিন
ঢাকা

২২ বছর পর রাজশাহীতে তারেক রহমান

উত্তরা প্রতিবেদক ২৯ জানুয়ারি ২০২৬, ০২:০৪ অপরাহ্ণ
২২ বছর পর রাজশাহীতে তারেক রহমান

দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে পদার্পণ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় যোগ দিতে রাজশাহীতে পৌঁছান তিনি। এসময় তার সঙ্গে এসেছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান। সকাল থেকেই নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢলে মাদ্রাসা ময়দান ও আশপাশের এলাকা পরিণত হয় উৎসবমুখর জনসমুদ্রে।

জানা যায়, বেলা ১২টা ১৮ মিনিটে ঢাকার একটি বিশেষ ফ্লাইটে তারেক রহমান রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর থেকে সড়কপথে তিনি শহরের উদ্দেশে রওনা দেন। দুপুর দেড়টার দিকে তিনি হজরত শাহ মখদুম (রহ.)–এর পবিত্র মাজার জিয়ারত করেন। এ সময় তিনি পুষ্পস্তবক অর্পণ করেন এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

বেলা ২টায় তিনি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। এই জনসভায় রাজশাহী জেলা ও মহানগরের পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার নেতাকর্মীরা অংশ নেন। সকাল সাড়ে ১০টা থেকেই কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

সকাল থেকেই রাজশাহী নগরের বিভিন্ন ওয়ার্ড, থানা ও উপজেলা ছাড়াও আশপাশের জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন। নানা স্লোগান, ব্যানার ও ফেস্টুনে মুখর হয়ে ওঠে পুরো ময়দান। সংসদ সদস্য প্রার্থীদের বহর মাঠে প্রবেশ করলে উচ্ছ্বাস আরও বেড়ে যায়। বিপুল জনসমাগমের কারণে মাদ্রাসা ময়দান ও আশপাশের সড়কে যান চলাচল সীমিত হয়ে পড়ে। অনেক তরুণকে প্রিয় নেতাকে এক নজর দেখার আশায় গাছ, উঁচু দেয়াল ও বিভিন্ন স্থাপনার ওপর উঠে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

জনসভাকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মাঠ ও আশপাশের এলাকায় পুলিশ, র‍্যাব ও বিজিবিকে সতর্ক অবস্থানে দেখা গেছে। এর আগে গুরুত্বপূর্ণ প্রবেশপথে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয়। আকাশে ড্রোন উড়িয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।

রাজশাহীর জনসভা শেষে বিকেল সাড়ে ৫টায় নওগাঁর এটিএম মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। সেখানে জয়পুরহাটের নেতাকর্মীরা অংশ নেবেন। এরপর তিনি সড়কপথে নিজ জেলা বগুড়ার উদ্দেশে রওনা হবেন। সন্ধ্যা সাড়ে ৭টায় বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে আরও একটি নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান। রাত সাড়ে ৮টায় তিনি বগুড়ার হোটেল নাজ গার্ডেনে রাত্রিযাপন করবেন।

উল্লেখ্য, ২০০৪ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে সর্বশেষ রাজশাহী সফর করেছিলেন তারেক রহমান। দলীয় প্রধান হিসেবে এটিই তাঁর প্রথম রাজশাহী সফর। এ সফরকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। জনসভা থেকে তিনি এ অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চাইবেন। এছাড়া, তিন জেলার ১৩ জন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীকে নেতাকর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। 

Read more — রাজনীতি
Home