উত্তরা প্রতিদিন
ঢাকা

১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের বিজয় হবে: সালাহউদ্দিন

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২৮ জানুয়ারি ২০২৬, ০৩:২৭ অপরাহ্ণ
১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের বিজয় হবে: সালাহউদ্দিন

আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের ভূমিধস বিজয় হবে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৮ জানুয়ারি) সকালে কক্সবাজারের চকরিয়ার শাহারবিল ইউনিয়নে সপ্তম দিনের নির্বাচনি প্রচারণায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ তথা বিএনপির বিজয় হবে। জনগণের বিপুল সমর্থন ও জাতীয় ঐক্য সৃষ্টির মধ্যে দিয়ে বিএনপি এমন একটা সরকার পরিচালনা করবে যে সরকারের মালিক হবে সকল জনগণ।

তিনি বলেন, জনগণ তাদের রাষ্ট্রের মালিকানা ফেরত পাবে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে। আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। আপনার পছন্দের প্রার্থীকে দিবেন। গণতন্ত্রকে শক্তিশালী করবেন। বাংলাদেশে যেন আর কোনদিন এই কথা শুনতে না হয় কেউ গুম হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি কর্মসূচি, বিএনপির প্ল্যান, পরিকল্পনা এবং রাষ্ট্র চিন্তা যদি মানুষের পছন্দ হয় তাহলে অবশ্যই তারা বিএনপিকে ভোট দিবে। অন্য যে রাজনৈতিক দলগুলো নির্বাচন করছেন তারাও তাদের কর্মসূচি, পরিকল্পনা প্রকাশ করবে। জনগণ তাদেরটা পছন্দ করলে তাদেরই ভোট দিবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য্য। এমনই হওয়া উচিত। কিন্তু একটা দল তা না করে তাদের ভোট দিলে মরলে পরে জান্নাত পাবেন বলে ধোঁকাবাজি করছে তাদের থেকে সাবধান থাকতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ অসংখ্য নেতাকর্মী।

 

 

Read more — রাজনীতি
Home