উত্তরা প্রতিদিন
ঢাকা

নারীর নিরাপত্তায় রাজশাহী-৩ আসনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২৭ জানুয়ারি ২০২৬, ০৭:০১ অপরাহ্ণ
নারীর নিরাপত্তায় রাজশাহী-৩ আসনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে বড়গাছী ইউনিয়নের কালুপাড়া এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বড়গাছী ইউনিয়নের কালুপাড়া গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলনের সহধর্মিণী সুলতানা সুমাইয়া হক সুমি। তিনি নারী, পুরুষ ও তরুণ প্রজন্মসহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে সুলতানা সুমাইয়া হক বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা সম্ভব হবে। তিনি বলেন, “এই নির্বাচন শুধু একটি দল বা প্রতীকের নয়; এটি নারীর নিরাপত্তা, ভবিষ্যৎ প্রজন্মের অধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন।”

তিনি আরও বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যার মাধ্যমে নারীদের পারিবারিক ও সামাজিক নিরাপত্তা আরও সুদৃঢ় হবে। রাজশাহী–৩ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলনকে সৎ, যোগ্য ও নির্ভীক জননেতা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচিত হলে তিনি পবা ও মোহনপুর উপজেলার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।

সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা মহিলা দলের সহ-সভাপতি মোসা. কোহিনূর হোসেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বড়গাছী ইউনিয়নের যুবদল নেতা সেলিম রেজা শুভ। এতে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শামিমা নাসরিন সিমা, রাজশাহী জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট শামসাদ বেগম মিতালী এবং সাধারণ সম্পাদক সৈয়দা রোমেনা হোসেন।

জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট শামসাদ বেগম মিতালী বলেন, দেশের বর্তমান বাস্তবতায় নারীর নিরাপত্তা ও মর্যাদা সবচেয়ে বেশি হুমকির মুখে। তিনি বলেন, “নিরাপদ ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা ছাড়া নারীর অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। ভোটাধিকার প্রতিষ্ঠা ও সুশাসন ফিরিয়ে আনার মাধ্যমেই নারী সমাজ প্রকৃত নিরাপত্তা পেতে পারে।”

তিনি আরও বলেন, বিএনপি কখনো নারীর মর্যাদা নিয়ে রাজনীতি করেনি; বরং নারীকে পরিবার, সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে। অ্যাডভোকেট শফিকুল হক মিলন নির্বাচিত হলে নারীবান্ধব উন্নয়ন, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে অগ্রাধিকার দেবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বড়গাছী ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিন, বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য জয়নাল হক, বিশিষ্ট ব্যবসায়ী ওমর ফারুক, বিএনপি নেতা শরিফুল ইসলাম, যুবনেতা খোকনসহ মহিলা দলের নেত্রী সুলতান বিবি, ফাতেমা ইয়াসমিন পপি, ময়না বেগম, রাশেদা বিবি ও সাবিনা বিবিসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

Read more — রাজনীতি
Home