উত্তরা প্রতিদিন
ঢাকা

বিপিএলের ফাইনালে তামিমের সেঞ্চুরিতে রাজশাহীর পুঁজি ১৭৪

উত্তরা প্রতিদিন ক্রীড়া ডেস্ক ২৩ জানুয়ারি ২০২৬, ০৮:৩২ অপরাহ্ণ
বিপিএলের ফাইনালে তামিমের সেঞ্চুরিতে রাজশাহীর পুঁজি ১৭৪
সেঞ্চুরির পর তানজিদ হাসান তামিমের উদযাপন। ছবি: রাজশাহী ওয়ারিয়র্সের ফেসবুক পেজ

 

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের ফাইনালে সেঞ্চুরি তুলে নিয়েছেন রাজশাহী রয়্যালসের ওপেনার তানজিদ হাসান তামিম। বিপিএলের ইতিহাসে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরির রেকর্ড গড়েছেন এই বাঁহাতি ব্যাটার। তার শতকের ওপর ভর করেই চ্যালেঞ্জিং পুঁজি পেল রাজশাহী।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুক্রবার (২৩ জানুয়ারি) চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমেছিল রাজশাহী। তানজিদের ব্যাটে চড়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৪ রানের পুঁজি গড়েছে দলটি।

তানজিদ ৬২ বলে ১০০ রান করেন। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৭ ছক্কা। বিপিএলের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরির কীর্তি গড়েছেন এই ওপেনার। আর বিপিএল ফাইনালে সেঞ্চুরি করা মাত্র তৃতীয় ব্যাটার তিনি।

এর আগে ২০১৭ সালে বিপিএল ফাইনালে রংপুর রাইডার্সের হয়ে সেঞ্চুরি করেছিলেন ক্রিস গেইল। ২০১৯ সালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল।

এদিন ওপেনার সাহিবজাদা ফারহানকে সঙ্গে নিয়ে উদ্বোধনী জুটিতে ১০.২ ওভারে ৮৩ রান যোগ করেন তানজিদ। এরপর দ্বিতীয় উইকেটে কিউই তারকা কেন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে ৩২ বলে ৪৭ ও তৃতীয় উইকেটে আরেক কিউই তারকা জিমি নিশামের সঙ্গে ১৯ বলে ৩৩ রান যোগ করেন।

দ্বিতীয় সর্বোচ্চ ৩০ বলে ৩০ রানে আসে সাহিবজাদার ব্যাট থেকে। উলিয়ামসন ১৫ বলে ২৪ রান করেন। চট্টগ্রামের পক্ষে শরিফুল ও মুকিদুল ২টি করে উইকেট নিয়েছেন।

Read more — খেলাধুলা
Home