উত্তরা প্রতিদিন
ঢাকা

আসন সমঝোতার প্রশ্নে ভিন্ন আচরণ শুরু করে জামায়াত

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১৮ জানুয়ারি ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ণ
আসন সমঝোতার প্রশ্নে ভিন্ন আচরণ শুরু করে জামায়াত

‘এক বক্স নীতি’ বাস্তবায়নে ব্যর্থতার জন্য জামায়াতে ইসলামীর রাজনৈতিক উচ্চাভিলাষ ও একচ্ছত্র আধিপত্যের মনোভাবকে দায়ী করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার কুমিল্লা প্রেস ক্লাবে দলটির কুমিল্লা জেলা নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন নেতারা। এ সময় কুমিল্লার ১১টি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

দলের সহকারী মহাসচিব ও কুমিল্লা-১ আসনের প্রার্থী আহমাদ আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে এবং কুমিল্লা-১০ আসনের প্রার্থী শামসুদ্দোহা আশরাফীর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও কুমিলা-২ আসনের প্রার্থী প্রকৌশলী আশরাফুল আলম।

লিখিত বক্তব্যে বলা হয়, ২০২৪ সাল পরবর্তী বাংলাদেশে জনগণ পুরোনো রাজনৈতিক বন্দোবস্তের পরিবর্তে একটি নতুন রাজনৈতিক কাঠামো চায়। সেই লক্ষ্য সামনে রেখে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে ইসলামপন্থি শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে ‘এক বক্স নীতি’ গ্রহণ করা হয়েছিল। বাস্তবতায় সেই উদ্যোগ ভেস্তে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ‘এক বক্স নীতি’-তে সবশেষে যুক্ত হওয়া জামায়াতে ইসলামী আসন সমঝোতার প্রশ্নে ভিন্ন আচরণ শুরু করে। সমঝোতার নামে একতরফা শর্ত চাপানো, আসন বণ্টনে নিজেদের দলীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া এবং অন্যান্য ইসলামপন্থি দলকে সমমর্যাদার শরিক না ভেবে অধস্তন হিসেবে দেখার মানসিকতাই ঐক্যকে বাধাগ্রস্ত করেছে বলে দাবি করা হয়।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে বৈঠকের সময় নিয়ে টালবাহানা, সিদ্ধান্ত গ্রহণের টেবিলে উপেক্ষা, সীমিতসংখ্যক ও বিতর্কিত আসন প্রস্তাব, গণমাধ্যমে পরিকল্পিত অপপ্রচার, এনসিপিসহ কয়েকটি দলের সঙ্গে গোপন সমঝোতা, বিএনপির সঙ্গে ‘জাতীয় সরকার’ গঠনের ঘোষণা এবং ভারতের সঙ্গে গোপন বৈঠকের খবর এসব ঘটনায় দলটি বিব্রতকর অবস্থায় পড়ে। এ ছাড়া সাম্প্রতিক সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পিত প্রোপাগান্ডা চালানো হয়েছে বলেও অভিযোগ করা হয়।

উপস্থিত ছিলেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বশির আহমাদ, কুমিল্লা-৪ আসনের প্রার্থী আব্দুল করীম, কুমিল্লা-৫ আসনের প্রার্থী রাশেদুল ইসলাম রহমতপুরী, কুমিল্লা-৬ আসনের মোহাম্মদ হারুনুর রশিদ, কুমিল্লা-৭ আসনের এহতেশামুল হক কাসেমী, কুমিল্লা-৮ আসনের গোলাম সাদেক, কুমিল্লা-৯ আসনের সেলিম মাহমুদ ও কুমিল্লা-১১ আসনের প্রার্থী মহিউদ্দিন শহিদ পাটোয়ারী।

 

Read more — রাজনীতি
Home