
দুর্বল প্রার্থীরা সবল প্রার্থীর বিরুদ্ধে কথা বলবেই উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস বলেন, এসব আমি আমলে নিচ্ছি না। তবে কেউ যদি ঢাকা-৮ আসনে উচ্ছৃঙ্খল জনতা বা মব তৈরি করার চেষ্টা করে, তার দায় তাকে নিতে হবে।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে মির্জা আব্বাস তার রাজনৈতিক অবস্থান ও হুঁশিয়ারি ব্যক্ত করেন।
নির্বাচনি প্রস্তুতির বিষয়ে কথা বলতে গিয়ে তিনি ব্যালট পেপারের অসংগতি নিয়ে প্রশ্ন তোলেন। অভিযোগ করে বলেন, ব্যালট পেপারে যা দেখছি, সেটি উদ্দেশ্যমূলক। নির্বাচন কমিশনের উচিত এটি দ্রুত ঠিক করা।
তিনি জানান, এ মুহূর্তে কোনো আনুষ্ঠানিক প্রচারণা চালানো হচ্ছে না। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করা হচ্ছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা-৮ আসনের আরেক প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতি ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, মবোক্রেসি সব জায়গায় চলে না। আমি ঢাকায় ভেসে আসি নাই। নির্বাচনে দাঁড়িয়ে কোনো অপরাধ করি নাই।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, কিছু প্রার্থী উসকানিমূলক কথা বলছেন। তারা চাইছেন, কোনো ঘটনা ঘটুক এবং আচরণবিধি লঙ্ঘন হোক।
মির্জা আব্বাস ভোটারদের প্রতি আহ্বান জানান, নিজেদের যে কোনো উসকানিমূলক বার্তা থেকে দূরে রাখুন। আমাদের নেতাকর্মীরা সতর্ক আছে। তারা কোনো প্ররোচনায় পা দেবে না।
নয়াপল্টন এলাকায় শুভেচ্ছা বিনিময়কালে মির্জা আব্বাসের সঙ্গে স্থানীয় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।

