উত্তরা প্রতিদিন
ঢাকা

নিজেদের পছন্দে বিয়ে, অতঃপর

উত্তরা প্রতিদিন বিদেশ ডেস্ক ৯ জানুয়ারি ২০২৬, ০৬:৪০ অপরাহ্ণ
নিজেদের পছন্দে বিয়ে, অতঃপর

নিজেদের পছন্দে বিয়ে করায় পাকিস্তানের করাচিতে এক নবদম্পতিকে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়েছে।  বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকালে করাচির সোহরাব গোথ থানার আওতাধীন লাসি গোথ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন- নিরাপত্তারক্ষী নাসরুল্লাহ ও তার স্ত্রী লতিফা। খবর দি এক্সপ্রেস ট্রিবিউন।

জানা যায়, পরিবার ও গোত্রের তীব্র বিরোধিতা উপেক্ষা করে পাঁচ মাস আগে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। নাসরুল্লাহ লাঙ্গা সম্প্রদায়ের সদস্য এবং লতিফা মাগসি গোত্রের ছিলেন।

স্থানীয় পুলিশ কর্মকর্তা ডিএসপি আওরঙ্গজেব খট্টকের বরাতে জানা যায়, নাসরুল্লাহর ভাই নাসিরের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের বিভিন্ন স্থানে রক্তের দাগ দেখতে পায়। এতে ধারণা করা হচ্ছে, হামলার সময় নিহতরা পালানোর চেষ্টা করেছিলেন, তবে হামলাকারীরা তাদের ধাওয়া করে হত্যা করে।

পুলিশ জানায়, ঘটনার সময় নাসরুল্লাহ বাজারে খাবার কিনতে বাইরে ছিলেন। তার অনুপস্থিতিতে বিকালে পাঁচজন সন্দেহভাজন ব্যক্তি বাড়িতে ঢুকে লতিফাকে গুলি করে হত্যা করে। পরে নাসরুল্লাহ ফিরে এলে হামলাকারীরা পালানোর সময় তাকেও গুলি করে হত্যা করে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানিয়েছে, হামলাকারীদের মধ্যে তিনজন লতিফার ভাই বলে শনাক্ত হয়েছে। অপর দুইজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তদন্তে জানা গেছে, এর আগে লারকানায় আদালতের মাধ্যমে ওই দম্পতির বিয়ে সম্পন্ন হয়। এ বিয়ের বিরোধিতা করে উভয় পরিবার তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে আদালত দুজনকে জামিন দেন। দুই গোত্রের মধ্যে জিরগা (গোত্রীয় সালিশ) মাধ্যমে সমঝোতার চেষ্টা ব্যর্থ হলে প্রাণভয়ে তারা করাচিতে চলে আসেন।

হুমকি এড়াতে নাসরুল্লাহ তার স্ত্রী ও ভাইকে নিয়ে আত্মগোপনে গিয়ে লাসি গোথ এলাকায় একটি বাড়ি ভাড়া নেন।

পুলিশ জানিয়েছে, প্রধান সন্দেহভাজন হিসেবে বিবেচিত লতিফার ভাইদের গ্রেফতারে লারকানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ ঘটনায় সিন্ধু প্রদেশের পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) জাভেদ আলম ওধো জড়িত সবাইকে দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন।

Read more — আন্তর্জাতিক
Home