উত্তরা প্রতিদিন
ঢাকা

ববি শিবিরের সভাপতি মনিরুল, সেক্রেটারি জাকারিয়া

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ৪ জানুয়ারি ২০২৬, ০৪:০৯ অপরাহ্ণ
ববি শিবিরের সভাপতি মনিরুল, সেক্রেটারি জাকারিয়া

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে বাংলা বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মনিরুল ইসলাম সভাপতি নির্বাচিত হয়েছেন এবং মার্কেটিং বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাকারিয়া ইসলাম বাবু সেক্রেটারি মনোনীত হয়েছেন।

গতকাল শনিবার (৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের কার্যালয়ে অনুষ্ঠিত সাথী সম্মেলনে সরাসরি ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

কেন্দ্রীয় সভাপতির স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক হারুনুর রশিদ রাফি সর্বাধিক ভোটপ্রাপ্ত মনিরুল ইসলামকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং তাঁকে শপথবাক্য পাঠ করান।

পরবর্তীতে সংগঠনের সংবিধান অনুযায়ী সাথীদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মনিরুল ইসলাম জাকারিয়া ইসলাম বাবুকে শাখা সেক্রেটারি হিসেবে মনোনীত করেন।সংগঠনের কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক হারুনুর রশিদ রাফি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর শাখা ছাত্রশিবিরের সভাপতি নেয়ামুল হাসান নাইম। নবনির্বাচিত নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

Read more — রাজনীতি
Home