উত্তরা প্রতিদিন
ঢাকা

মোস্তাফিজকে নাখেলিয়েই ৯ কোটি ২০ লাখ রুপি দিতে হবে কেকেআরের

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ৩ জানুয়ারি ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ণ
মোস্তাফিজকে নাখেলিয়েই ৯ কোটি ২০ লাখ রুপি দিতে হবে কেকেআরের

শঙ্কাই সত্যি হয়েছে- আইপিএলে খেলা হচ্ছে না মোস্তাফিজুর রহমানের। বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ছেড়ে দিয়েছে কাটার মাস্টারকে। দুই দেশের মধ্যকার রাজনৈতিক বৈরিতায় এসেছে এই সিদ্ধান্ত। এখন প্রশ্ন উঠেছে- পারিশ্রমিক বাবদ চুক্তির পুরো ৯ কোটি ২০ লাখ রুপি কি পাবেন মোস্তাফিজ?

আইপিএলের নিয়ম অনুযায়ী, কোনো ফ্র্যাঞ্চাইজি যদি মৌসুমের আগে বা মৌসুম চলাকালীন যেকোনো কারণেই কোনো খেলোয়াড়কে ছেড়ে দিতে চায়, তবুও তাদের চুক্তি অনুযায়ী পুরো বেতন পরিশোধ করতে বাধ্য। নিয়মে স্পষ্টভাবে বলা আছে, চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই যদি কোনো দল কোনো খেলোয়াড়কে ছাড়ে, তাহলে পুরো পারিশ্রমিক দেওয়া বাধ্যতামূলক।

আইপিএলের ইতিহাসে এই প্রথম কোনো দল নিলামে কেনার পর কোনো খেলোয়াড়কে ছাড়তে নির্দেশ পেয়েছে। নিয়ম অনুযায়ী, একবার কোনো খেলোয়াড় আইপিএল নিলামে কেনা হলে তিনি সেই দলের সদস্য হয়ে যান এবং ওই মৌসুমের জন্য চুক্তি বাধ্যতামূলক হয়।

খেলোয়াড় যদি খেলার জন্য প্রস্তুত থাকার পরও বেঞ্চে বসে থাকেন, তবে তিনি পুরো পারিশ্রমিক পান। ইনজুরি বা অনুপলব্ধতার ক্ষেত্রে আলাদা নিয়ম আছে, কিন্তু রিলিজের ক্ষেত্রে দায়ভার পুরোপুরি ফ্র্যাঞ্চাইজির ওপরই থাকে। অর্থাৎ মোস্তাফিজকে চুক্তির পুরো ৯ কোটি ২০ লাখ রুপি দিতে বাধ্য কেকেআর।

Read more — খেলাধুলা
Home