
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে নগরের বিনোদপুর এলাকার একটি ছাত্রীনিবাস থেকে ঘরের দরজা ভেঙে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শিক্ষার্থীর নাম লামিসা নওরিন পুষ্পিতা। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাবার নাম মুহাম্মদ কুদরৎ উল্লাহ বিপ্লব। পারিবারিকভাবে তিনি ঝিনাইদহ জেলার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ওই শিক্ষার্থী ফ্যানের সঙ্গে উড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে দরজা ভেঙে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তাঁকে মেস থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শিক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শিক্ষার্থীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।

