উত্তরা প্রতিদিন
ঢাকা

যে মাঠে মৃত্যু সেই মাঠেই জানাজা কোচ জাকির

উত্তরা প্রতিদিন ক্রীড়া ডেস্ক ২৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ণ
যে মাঠে মৃত্যু সেই মাঠেই জানাজা কোচ জাকির

ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্সের এবং ঢাকা ক্যাপিটালসের ম্যাচ শুরুর আগে তিনি মারা যান।

তার জানাজার নামাজ রাজশাহী ওয়ারিয়র্সের এবং ঢাকা ক্যাপিটালসের ম্যাচের পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন স্টেডিয়ামের বর্তমান সিকিউরিটি ইনচার্জ ও ক্রীড়া সংগঠক আলী ওয়াসিকুজ্জামান চৌধুরী অনি।

এর আগে রাজশাহী ওয়ারিয়র্সের এবং ঢাকা ক্যাপিটালসের ম্যাচ শুরুর ২০ মিনিট আগে মাঠে ওয়ার্মআপ করছিলেন দুই দলের ক্রিকেটাররা। এ সময় হঠাৎ মাঠে লুটিয়ে পড়েন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। এ সময় তাকে ঘিরে জটলাও তৈরি হয়। তখন মাঠে মাহবুব আলীকে সিপিআর দিতে দেখা যায়। এরপর অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হয়। দায়িত্বরত চিকিৎসক তার কিছু জরুরি পরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

কোচ জাকির মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক ড. দেবাশীষ চৌধুরী। তিনি জানান, মাঠে হার্ট অ্যাটাক করার পর তাকে সিপিআর দেওয়া হয়। তাৎক্ষণিক তিনি নিঃশ্বাস ফিরে পান এবং সাড়া দেন। কিন্তু অ্যাম্বুলেন্সে করে জরুরিভাবে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হলেও পথে তিনি নিস্তেজ হয়ে পড়েন।

Read more — খেলাধুলা
Home