
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর চারটিসহ ২৩৯টি আসনে এককভাবে প্রার্থী দিচ্ছে জি এম কাদেরের জাতীয় পার্টি (জাপা)।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর গুলশানে এক অভিজাত রেস্তোরাঁয় দলের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন জাপা মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। এবার জি এম কাদের রংপুর-৩ (সদর) আসনে প্রার্থী হয়েছেন।
জাপা মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এর আগে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। এবার তিনি ওই আসনের পাশাপাশি গাইবান্ধা-৫ (সাঘাটা, ফুলছড়ি) আসনেও প্রার্থী হচ্ছেন।
অভ্যন্তরীণ কোন্দলে জেরবার জাপায় এবারের আলোচিত প্রার্থী বলতে চেয়ারম্যান ও মহাসচিবই রয়েছেন। দলের সাবেক সংসদ সদস্য ও সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা সমালোচিত কর্মকাণ্ডের পর দলে ফিরে এসেছেন। তবে এবার রংপুর-১ (গংগাচড়া ও রংপুর সিটি করপোরেশনের ৮টি ওয়ার্ড) আসনে তিনি মনোনয়ন পাননি। তাকে প্রার্থী করা হয়েছে লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতিবান্ধা) আসন থেকে।
জাপার সাবেক সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদের মনোনয়ন নিয়েও প্রশ্ন উঠেছে। তিনি জাপা থেকে কুড়িগ্রাম-২ (সদর, ফুলবাড়ী, রাজারহাট) আসনে মনোনয়ন পেয়েছেন। তবে কয়েক দিন আগে জাপা থেকে দলছুট নেতাদের সম্ভাব্য প্রার্থী তালিকায় তার নাম দেখা গেছে। ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে গড়ে ওঠা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীকে কেন জাপা মনোনয়ন দিয়েছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে জানতে পনির উদ্দিন আহমেদকে ফোন করা হলে তিনি সাড়া দেননি।
এ বিষয়ে জাপা মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘পনির উদ্দিন সাহেব আমাদের পক্ষ থেকেই মনোনয়নপত্র কিনেছেন। তিনি ভাইভা বোর্ডে বসেছিলেন। কুড়িগ্রাম জেলা সভাপতি হিসেবে তিনি নিজের পাশাপাশি অন্য প্রার্থীদের মনোনয়নপত্রও কিনেছেন। আমাদের ধারণা, তিনি ওই পক্ষে নেই।’
জাপার সাবেক প্রভাবশালী নেতা ও সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু দুর্নীতির অভিযোগে কারাগারে রয়েছেন। জাপা আশা করছে, আইনি প্রক্রিয়ায় নির্দোষ প্রমাণিত হয়ে তিনি সংসদ নির্বাচনে অংশ নেবেন। তবে শেষ পর্যন্ত তিনি তা করতে না পারলে বিকল্প প্রার্থী হিসেবে ইকবাল হোসেন তাপস ওই আসনে প্রার্থী হবেন। তাপস জাপার প্রেসিডিয়াম সদস্য।
জাপার সাবেক সংসদ সদস্য হাফিজ উদ্দিন অনুমিতভাবে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ, রাণীশংকৈল) আসনে এবং শরিফুল ইসলাম জিন্নাহ বগুড়া-২ আসনে দলের প্রার্থী হয়েছেন। তবে জিন্নাহর বিরুদ্ধে দুর্নীতির মামলা থাকায় ওই আসনে হুসাইন শরীফ সঞ্চয়কেও প্রার্থী তালিকায় রেখেছে জাপা।
গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জি এম কাদের তার স্ত্রী শেরীফা কাদেরকে ঢাকা-১৮ আসনে মনোনয়ন দিয়েছিলেন। এ নিয়ে জাপার শীর্ষ নেতারা ক্ষুব্ধ ছিলেন। তাঁদের অভিযোগ, জি এম কাদের চেয়েছিলেন ওই আসনে আওয়ামী লীগ কোনো প্রার্থী ঘোষণা না করুক। এ নিয়ে নানা দেন-দরবারের কথাও জানা যায়। শেষ পর্যন্ত তা না হওয়ায় নাখোশ হয়েছিলেন জি এম কাদের।
জাপা যেসব আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি, সেগুলো হলো- পঞ্চগড়-১, পঞ্চগড়-২, নীলফামারী-২, জয়পুরহাট-১, জয়পুরহাট-২, বগুড়া-১, বগুড়া-৫, বগুড়া-৬, বগুড়া-৭, চাঁপাইনবাবগঞ্জ-৩, রাজশাহী-১, রাজশাহী-২, রাজশাহী-৪, রাজশাহী-৫, সিরাজগঞ্জ-২, পাবনা-৫, কুষ্টিয়া-৩, কুষ্টিয়া-৪, চুয়াডাঙ্গা-১, ঝিনাইদহ-৩, বাগেরহাট-২, বাগেরহাট-৩, পটুয়াখালী-২, পটুয়াখালী-৩, পটুয়াখালী-৪, বরিশাল-১, বরিশাল-৬, পিরোজপুর-১, শেরপুর-৩, টাঙ্গাইল-৭, কিশোরগঞ্জ-৪, মানিকগঞ্জ-১, ঢাকা-১, ঢাকা-২, ঢাকা-১৩, নারায়ণগঞ্জ-১, নারায়ণগঞ্জ-৫, ফরিদপুর-৩, মাদারীপুর-২, মাদারীপুর-৩।
এ ছাড়া সুনামগঞ্জ-১, সুনামগঞ্জ-২, সুনামগঞ্জ-৩, হবিগঞ্জ-১, কুমিল্লা-৩, কুমিল্লা-৪, কুমিল্লা-৬, কুমিল্লা-৭, কুমিল্লা-১০, কুমিল্লা-১১, লক্ষ্মীপুর-৩, চট্টগ্রাম-২, চট্টগ্রাম-৩, চট্টগ্রাম-৪, চট্টগ্রাম-৫, চট্টগ্রাম-৬, চট্টগ্রাম-৮, চট্টগ্রাম-৯, চট্টগ্রাম-১৬ ও কক্সবাজার-১ আসনে এখনও প্রার্থী দিতে পারেনি জাপা।

