
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বিগত ৫৫ বছরের ইতিহাসের সব দৃষ্টান্ত ছাড়িয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকা বিমানবন্দর সরেজমিনে পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
দীর্ঘ ১৭ বছরের কষ্টের নির্বাসিত জীবন শেষে তারেক রহমান দেশে আসছেন জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, এ দেশের গণতন্ত্রের রক্ষাকবচ, আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবেন—তাকে দেখার জন্য দেশের সমস্ত জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে করতে আমরা গণতন্ত্রকে অবমুক্ত করতে পেরেছি।
তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক রাজনৈতিক সংগ্রামে সুদীর্ঘ ১৬–১৭ বছর তিনি নেতৃত্ব দিয়েছেন। আমরা চাই—তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তন বিগত ৫৫ বছরের ইতিহাসের সব দৃষ্টান্ত ছাড়িয়ে যাক এবং আগামী ৫৫ বছরের ইতিহাসেও যেন সেরকম কোনো ঐতিহাসিক ঘটনা না হয়। দিনটি স্মরণীয় করে রাখার জন্যই আমাদের সমস্ত আয়োজন হচ্ছে। সারা দেশের মানুষ এজন্য অপেক্ষা করছে।
এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, বাংলাদেশ বিমানের নিয়মিত কমার্সিয়াল ফ্লাইটে তারেক রহমান আসছেন। বিমানের ঢাকায় ল্যান্ডিং টাইম ১১টা ৫৫ মিনিট।
কোথায় সংবর্ধনা দেওয়া হবে—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা জায়গাগুলো দেখছি। যেহেতু বাংলাদেশের জনগণ তাকে এক নজর দেখার জন্য ও কথা শোনার জন্য উন্মুখ হয়ে আছে—এই বিষয়টি বিবেচনায় রেখে আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি। জনদুর্ভোগ যাতে না হয়, সেটাও বিবেচনায় আছে। আমরা জায়গাগুলো পরিদর্শন করছি, সিলেক্ট হলে জানানো হবে।

