
সরকার ও পুলিশের ওপর নির্ভর করে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘আমাদের নিরাপত্তা আমাদেরকেই নিশ্চিত করতে হবে। ফলে জনগণের মধ্যে আমাদের সেই সংগঠন লাগবে।’
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জাতীয় স্মৃতিসৌধে এনসিপির নেতা-কর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদনের পরে তিনি এ কথা বলেন।
নাহিদ বলেন, জনগণকে আমরা আবারো আহ্বান জানাবো- ৫ আগস্ট পরবর্তীসময়ে আমাদের নিরাপত্তা আমরা নিজেরাই নিশ্চিত করেছিলাম, যখন কোনো সরকার ছিল না, পুলিশ ছিল না। বাংলাদেশ সেই পরিস্থিতির দিকেই যাচ্ছে। সরকার ও পুলিশের ওপর নির্ভর করে আমরা আমাদের জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবো না। ফলে মানুষকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান ওপর হামলার ঘটনায় ক্ষুব্ধ এই জুলাই যোদ্ধা তার সহযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, এই সরকার আমাদেরকে আমাদের নিরাপত্তা দিতে পারবে না। নিজেদের নিরাপত্তার নিজেদেরকেই নিশ্চিত করতে হবে। পুলিশের ওপর নির্ভরশীল হয়ে জুলাই যোদ্ধাদের জীবনের নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারব না।
পতিত শক্তি, ফ্যাসিস্ট শক্তি- তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নানান অপচেষ্টা চালাচ্ছে বলেও মন্তব্য করে তিনি বলেন, তারা নির্বাচনকে বানচালের চেষ্টা চালাচ্ছে- অথচ দেশের মানুষ এখন স্থিতিশীল পরিবেশ চায়। তারা আইনশৃঙ্খলার স্বাভাবিক পরিবেশ দেখতে চায়।
আসন্ন নির্বাচন নিয়ে নাহিদ ইসলাম বলেন, আগামী নির্বাচনে, আগামী গণভোটে সংস্কারের পক্ষে গণজোয়ার তৈরি হবে। আমরা সেই প্রত্যাশা রাখি। এনসিপির যারা এমপি পদপ্রার্থী রয়েছেন তারা সংস্কারের পক্ষে, হ্যাঁ এর পক্ষে৷ শাপলা কলি নিয়ে জনগণের দরজায় যাবেন তারা। আমরা সংস্কারের পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব।

