উত্তরা প্রতিদিন
ঢাকা

ভোটের কাছে আসলে কব্জি কেটে দেওয়া হবে: খেলাফতের এমপি প্রার্থী

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:০৮ অপরাহ্ণ
ভোটের কাছে আসলে কব্জি কেটে দেওয়া হবে: খেলাফতের এমপি প্রার্থী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হুজুরদের দুর্বল মনে করে কেউ ভোটের কাছে আসলে হাতের কব্জি কেটে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের খেলাফত মজলিস মনোনীত এমপি প্রার্থী আল্লামা শাহ্ মো. আকরাম আলী।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৮টার দিকে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ছোট লক্ষনদিয়া খেলার মাঠে ইসলামী ও সমমনা ৮ দলীয় জোটের প্রার্থীদের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হুজুররা দুর্বল না। হুজুররা নবীর চরিত্রে চরিত্রবান। তাই তারা অসভ্যপনা করে নিজের শক্তি দেখাতে চায় না। কিন্তু মনে রাখবা এবার কেউ ভোটের কাছে আসলে হাতের কব্জি কেটে দেওয়া হবে। ভোটের কাছে কেউ আসতে পারবে না।

তিনি আরও বলেন, আপনারা একবার ইসলামকে বিজয়ী করে দেখেন আল্লাহ্ ও আল্লাহর রসুল যা বলছে বাস্তবে ওলামায়ে কেরাম তাই করে কি না। নাকি তার বিপরীত করে। এটা পরীক্ষা করার দরকার আছে আপনাদের। আপনারা ভয় পাবেন নাকি এবার ভোট দিতে? আপনাদের কিন্তু ভয় দেখানো হবে। এ কথা আমাদের কানে আসতেছে।

প্রতিপক্ষ প্রার্থীর নেতাদের ইঙ্গিত করে শাহ্ আকরাম আলী বলেন, তারা ভাবছে হুজুর যদি দাড়ায় ভোট দেবে মানুষ, ভোট ঠেকাবে কিভাবে। এ কথা কিন্তু শুরু হয়ে গেছে। তারা হুজুরদের দুর্বল মনে করছে। আর তাদেরকে তারা সবল মনে করছে। তারা বিভিন্ন প্রোগ্রামে বলছে কিভাবে আমাদের মানুষ ভোট দেয়, তা দেখে নেবে। আমরাও বললাম- তোমরা কিভাবে ভোট নাও আমরাও দেখে নেব।

তিনি আরও বলেন, আমরা প্রত্যেকেই ইসলামের সৈনিক। দল-বেদলসহ আমরা সবাই ইসলামের সৈনিক। আমরা মুসলমান, আমরা মুসলমান হয়ে কবরে যেতে চাই। এতদিন পারি নাই এবার সুযোগ আসছে। এই সুযোগের সদ্ব্যবহার আমরা করব, ইনশাআল্লাহ।

ফরিদপুর-২ আসনের ইসলামী সমমনা ৮ দলীয় লিয়াজো কমিটির আহ্বায়ক অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদের সভাপতিত্বে ও মো. এজাজুল হকের পরিচালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ খেলাফত আন্দোলন ফরিদপুর-২ আসনের মনোনীত প্রার্থী এ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া, জামায়াত ইসলামির মনোনীত প্রার্থী মাওলানা সোহরাব হোসেন, ইসলামি আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা শাহ্ মো. জামাল উদ্দিন প্রমুখ।

 

Read more — রাজনীতি
Home