উত্তরা প্রতিদিন
ঢাকা

শিশু সাজিদের মৃত্যুতে শোকাহত তাসকিন, চাইলেন দোয়া

উত্তরা প্রতিদিন ক্রীড়া ডেস্ক ১২ ডিসেম্বর ২০২৫, ০৪:২৯ অপরাহ্ণ
শিশু সাজিদের মৃত্যুতে শোকাহত তাসকিন, চাইলেন দোয়া

রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে নিহত দুই বছরের শিশু সাজিদকে বাঁচানো যায়নি শেষ পর্যন্ত। টানা ৩২ ঘণ্টার উদ্ধার অভিযানের পর অবশেষে তাকে নিথর অবস্থায় উদ্ধার করা হলে গোটা দেশজুড়ে নেমে আসে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে ভারাক্রান্ত মন—শোক প্রকাশ ও দোয়ার বার্তায় ভরে ওঠে ফেসবুক।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ নিজের ফেসবুক পেজে সাজিদের মৃত্যুতে শোক জানিয়ে লেখেন—“একটা ছোট্ট প্রাণ আজ আমাদের সবাইকে কাঁদিয়ে আল্লাহর কাছে ফিরে গেল। হে আল্লাহ, এই শিশুটিকে জান্নাতুল ফেরদাউসের স্থায়ী সুখ দান করুন। শোকাহত পরিবারকে ধৈর্য ও সান্ত্বনা দান করুন।”

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে মায়ের সঙ্গে হাঁটার সময় খড় দিয়ে ঢাকা অরক্ষিত গভীর নলকূপের গর্তে পড়ে যায় সাজিদ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে দীর্ঘ ৩২ ঘণ্টার উদ্ধার অভিযান শেষে প্রায় ৫০ ফুট গভীরতা থেকে সাজিদকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। উন্নত সরঞ্জাম, ক্যামেরা ও সমান্তরাল গর্ত খুঁড়ে অভিযান চালানো হয়। মাটির জটিল গঠন ও গর্তের সরু ব্যাসার্ধের কারণে অভিযানটি ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। উদ্ধারের পর শিশুটিকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত ৯টা ৪০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদাক জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।

Read more — খেলাধুলা
Home