উত্তরা প্রতিদিন
ঢাকা

বিএনপিকে নিয়ে দেশে–বিদেশে নানা ষড়যন্ত্র চলছে : মিলন

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:০৯ অপরাহ্ণ
বিএনপিকে নিয়ে দেশে–বিদেশে নানা ষড়যন্ত্র চলছে : মিলন

রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনে দলীয় মনোনয়ন পাওয়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, বিএনপিকে নিয়ে দেশে–বিদেশে নানা ষড়যন্ত্র চলছে। তারেক রহমানকে মাইনাস করার অপচেষ্টা সফল হবে না। সময়মতো তিনি দেশে ফিরবেন এবং নির্বাচনে অংশ নেবেন।

আজ বুধবার বিকেলে পবা উপজেলার হুজুরীপাড়া ইউনিয়নের দারুশা হাট ও কর্ণহার এলাকায় গণসংযোগকালে সংক্ষিপ্ত পথসভায় এসব কথা বলেন তিনি।

মিলন বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এ বিষয়ে অপপ্রচার থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।

উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। এবার ক্ষমতায় এলে পবা–মোহনপুরে ব্যাপক উন্নয়ন করা হবে।

বিএনপির এই নেতা জানান, এলাকায় রাস্তাঘাট সংস্কার, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি, নারী উন্নয়ন, কর্মমুখী শিক্ষা বিস্তার, শিল্পকারখানা স্থাপন এবং কৃষকদের জন্য কৃষি কার্ড ও নারীদের নামে ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনা রয়েছে।

শিগগিরই নির্বাচনী তফসিল ঘোষণা হবে উল্লেখ করে তিনি নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার নির্দেশ দেন। পথসভা শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী জেলা শাখার সদস্য শাহজাহান আলী, পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিহাব উদ্দীন, সদস্য সচিব মোতাহার হোসেনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমিকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

Read more — রাজনীতি
Home