উত্তরা প্রতিদিন
ঢাকা

বাগমারায় জামায়াতের গণসমাবেশ অনুষ্ঠিত

উত্তরা প্রতিদিন বাগমারা প্রতিবেদক ৬ ডিসেম্বর ২০২৫, ০৮:০৪ অপরাহ্ণ
বাগমারায় জামায়াতের গণসমাবেশ অনুষ্ঠিত

বাগমারা হাট গাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আয়োজিত এ জনসমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ কামারুজ্জমান হারুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মো. আব্দুল খালেক। আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. গোলাম মোর্তজা, মাওলানা এফএম ইসমাইল আলম আল হাসানী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. আব্দুল বারী সরদার। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন গোবিন্দপাড়া, আউচপাড়া ও শুভডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমিরগণ এবং উপজেলা শিবিরের সভাপতি।

সমাবেশ পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক অহিদুল ইসলাম।

সভায় বক্তারা বিগত সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, অতীতে জামায়াতের নেতা-কর্মীদের ওপর দমন–নির্যাতন চালানো হয়েছে এবং অনেককে মামলায় কারাবন্দি করা হয়েছে। বক্তারা দাবি করেন, ইসলামি সমাজব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে দেশের দুর্নীতি, চাঁদাবাজি ও অস্থিরতা দূর করা সম্ভব।

তাঁরা বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন এবং নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি জানান। বক্তারা আরও বলেন, দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করে একটি শান্তিপূর্ণ রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামী ভূমিকা রাখতে চায়।

সভায় নেতারা জনগণের প্রতি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

Read more — রাজনীতি
Home