
আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আইসিসির নভেম্বর মাসের সেরার দৌড়ে জায়গা পেয়েছেন তাইজুল ইসলাম। বাঁহাতি এই স্পিনারের সঙ্গে লড়াইয়ে আছেন দক্ষিণ আফ্রিকার সাইমন হার্মার ও পাকিস্তানের মোহাম্মদ নাওয়াজ।
আয়ারল্যান্ড সিরিজে দারুণ ধারাবাহিক ছিলেন তাইজুল। দুই টেস্টে ২৬.৩০ গড়ে ১৩ উইকেট নিয়ে হন সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি। মিরপুর টেস্টে দুই ইনিংসেই চারটি করে উইকেট নিয়ে গড়েন দেশের হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেটের রেকর্ড। সিরিজও বাংলাদেশ জিতে ২-০ ব্যবধানে।
অন্যদিকে হার্মার ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক সিরিজ জয়ের নায়ক (১৭ উইকেট), আর নাওয়াজ ঘরের মাঠে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অলরাউন্ড নৈপুণ্যে আলো ছড়ান।
পুরুষদের সঙ্গে একই দিনে ঘোষণা করা হয় নারী বিভাগের মনোনয়ন। সেখানে আছেন ভারতের শেফালি ভার্মা, থাইল্যান্ডের পুথাঅং ও সংযুক্ত আরব আমিরাতের এশা ওজা।

