উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজনৈতিক বিবেচনায় দেওয়া শিল্প প্লট বাতিল করা হবে

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৪২ অপরাহ্ণ
রাজনৈতিক বিবেচনায় দেওয়া শিল্প প্লট বাতিল করা হবে

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, নতুন প্রজন্মের তরুণরা এখন চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে চায়। ক্ষুদ্র উদ্যোক্তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ঋণ প্রাপ্তি। ক্ষুদ্র উদ্যোক্তাদের সহজে ঋণ পেতে নীতি, তহবিল ও পরামর্শ দিতে বাংলাদেশ ব্যাংককে এগিয়ে আসতে হবে।

শিল্প উপদেষ্টা বুধবার (৩ ডিসেম্বর) ঢাকায় তেজগাঁওয়ের বিসিক সম্মেলন কক্ষে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) বার্ষিক সম্মেলন এবং ‘৬৯ বছরে বিসিক: অর্জন, সমস্যা ও সম্ভাবনা’ কর্মশালায় এসব কথা বলেন। বিসিক চেয়ারম্যান মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও শিল্প মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্বপ্রাপ্ত মো. নূরুজ্জামান এনডিসি।

উপদেষ্টা আরও বলেন, ‘বিসিকের অনেক জায়গায় শিল্প প্লট খালি পড়ে আছে। শিল্প প্লটগুলোতে গ্যাস-বিদ্যুৎ সংযোগের সমস্যা রয়েছে। আমলাতান্ত্রিক জটিলতা দূর করে দ্রুতই অনলাইনভিত্তিক ওয়ান-স্টপ সার্ভিস চালু করতে হবে। যারা উদ্যোক্তা না, আগে তাদের রাজনৈতিক বিবেচনায় প্লট দেওয়া হয়েছে। তাদের প্লট বাতিল করা হবে। জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশে আমরা এমন এক বিসিক দেখতে চাই, যা হবে সম্পূর্ণ স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং উদ্যোক্তা-বান্ধব।’

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বক্তব্যের শুরুতে জুলাই শহিদদের স্মরণ করেন। পাশাপাশি জুলাইয়ে আহতদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ‘তাদের আত্মত্যাগই আমাদের চালিকাশক্তি।’

তিনি আরও বলেন, ‘বিসিক ৬৯ বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। দেশব্যাপী শিল্প বিকাশে এটি কাজ করছে। জুলাই গণ-অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে পরিবর্তিত বাংলাদেশের জন্য ২০২৫ সালের এ সম্মেলন একটি সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ উদ্যোগ, যা আমাদের অর্থনৈতিক উন্নয়নযাত্রায় নতুন গতি সঞ্চার করবে।’

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ‘উদ্যোক্তাদের যে ঋণ দেওয়া হয়, তা খুবই অল্প। আমাদের হাতে ২৫ হাজার কোটি টাকা আছে। ঋণ বিতরণেও দুর্বলতা আছে। আমরা ঋণের পরিমাণ বাড়াতে চাই। এ ক্ষেত্রে বিসিকের মতো প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। উদ্যোক্তা ও ক্রেতাদের মধ্যে সংযোগ ঘটিয়ে অনলাইন প্ল্যাটফর্মগুলো জনপ্রিয় করে তুলতে হবে। আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেমের সঙ্গে উদ্যোক্তাদের যোগাযোগ সৃষ্টিতে বাংলাদেশ ব্যাংক কাজ করছে।’

গভর্নর ড. আহসান এইচ মনসুর আরও বলেন, ‘ইন্টারন্যাশনাল পেমেন্ট সেক্টরের সঙ্গে ক্ষুদ্র উদ্যোক্তাদের সংযুক্ত করার চেষ্টা করছি। এ জায়গাটায় আমরা বিশেষভাবে ফোকাস করছি। যুক্তরাষ্ট্রে সরাসরি পণ্য কেনা অনেক বেড়ে গেছে- তারা সেখানে বসে চীন থেকে পণ্য কিনে নিচ্ছে। তাহলে আমাদের জামদানি কেন বিদেশ থেকে কিনতে পারবে না?’

তিনি আরও বলেন, ‘কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদন বিস্তার, রপ্তানি বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার ক্ষেত্রে কুটির, মাইক্রো, ক্ষুদ্র এবং মাঝারি খাত অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে। প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনভিত্তিক শিল্পায়নের সঙ্গে তাল মিলিয়ে বিসিক প্রশিক্ষণ, ঋণ সহায়তা এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে, যা শিল্প খাতকে আরও টেকসই করে তুলেছে।’

বিসিকের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বলেন, ‘বিসিক শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি বাংলাদেশের শিল্পায়নের বাস্তব রূপ। আমরা আমাদের রূপকল্প ও অভিলক্ষ্য বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। বাংলাদেশের উন্নয়নধারায় এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আমাদের সর্বোচ্চ অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নের মাধ্যমেই আমরা একটি সুখী-সমৃদ্ধ-অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে পারব- এটিই আমাদের দৃঢ় বিশ্বাস। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে বিসিক নিরলসভাবে কাজ করে যাবে।’

ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে বিসিকের চেয়ারম্যান বলেন, ‘পরিবেশবান্ধব নতুন শিল্পনগরী কিংবা শিল্পপার্ক স্থাপন, শিল্পনগরীর অবরাদ্দ প্লটগুলোর শতভাগ বরাদ্দ নিশ্চিত করা। আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে মৌচাষ উন্নয়নসহ বিসিকের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।’

আলোচনা পর্ব শেষে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বিসিক ভবনের নিচ তলায় অনুষ্ঠিত বিসিক বিজয় মেলার স্টল পরিদর্শন করেন ও উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন।

শুরুতেই বিসিক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বিসিকের কার্যক্রম তুলে ধরেন। সম্মেলনের এ অনুষ্ঠানে বিসিক বার্ষিক সম্মেলন ২০২৫ স্যুভেনিওর মোড়ক উন্মোচন করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিসিকের অতিরিক্ত সচিব রাশিদুল হাসান, বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডের মহাপরিচালক এ এস এম শফিউল আলম তালুকদারসহ পরিকল্পনা কমিশন ও অর্থ বিভাগের প্রতিনিধি এবং বিসিকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

 

Read more — অর্থনীতি
Home