উত্তরা প্রতিদিন
ঢাকা

ইরানে আবিষ্কার হলো নতুন বিশাল স্বর্ণখনি

উত্তরা প্রতিদিন বিদেশ ডেস্ক ২ ডিসেম্বর ২০২৫, ০৪:০২ অপরাহ্ণ
ইরানে আবিষ্কার হলো নতুন বিশাল স্বর্ণখনি

ইরানে বিশাল স্বর্ণ ভাণ্ডার আবিষ্কারের খবর স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দক্ষিণ খোরাসান প্রদেশের বেসরকারি মালিকানাধীন শাদান স্বর্ণ খনিতে নতুন একটি স্বর্ণের শিরা বা ভেইন স্ট্রাকচার শনাক্ত হয়েছে, যা দেশটির খনিজ সম্পদের ভবিষ্যৎ সম্ভাবনায় বড় ধরনের অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। আবিষ্কারের তথ্য ইরানের শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে যাচাই ও অনুমোদন করেছে।

নতুন তথ্য অনুযায়ী, শাদান খনিতে পাওয়া স্বর্ণের মোট মজুত ৬১ মিলিয়ন টনের মতো। এর মধ্যে রয়েছে ৭.৯৫ মিলিয়ন টন অক্সাইড স্বর্ণ আকরিক এবং ৫৩.১ মিলিয়ন টন সালফাইড স্বর্ণ আকরিক। এই পরিমাণ মজুত ইরানের সাম্প্রতিক ইতিহাসে উল্লেখযোগ্য সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, স্বর্ণ ভাণ্ডারের এই নতুন স্তর দেশটির খনিজ উৎপাদন ও অর্থনীতিতে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

যদিও ইরান সরকার আনুষ্ঠানিকভাবে দেশের মোট স্বর্ণ ভাণ্ডারের তথ্য প্রকাশ করেনি, বিশেষজ্ঞদের মতে গত কয়েক বছরে দেশটি ব্যাপক পরিমাণে স্বর্ণ ক্রয় করেছে। চলতি বছরের শুরুতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদরেজা ফারজিন জানিয়েছিলেন, ২০২৩-২৪ সালে ইরানের কেন্দ্রীয় ব্যাংক বিশ্বে শীর্ষ পাঁচ স্বর্ণ-ক্রয়কারী ব্যাংকের একটি ছিল। একই তথ্য দেশটির সরকারি সংবাদমাধ্যম আইএসএনএও উল্লেখ করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের আরেক কর্মকর্তা ইয়েকতা আশরাফি জানান, স্বর্ণ ভাণ্ডার বৃদ্ধির ফলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপ মোকাবিলায় ইরানের অর্থনীতি আরও স্থিতিশীল হবে। তার ভাষায়, ‘স্বর্ণ রিজার্ভ বাড়ানো মানে অর্থনীতিকে শক্তিশালী সুরক্ষা দেওয়া।’

বর্তমানে ইরানে মোট ১৫টি স্বর্ণ খনি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর মধ্যে উত্তর-পশ্চিমাঞ্চলের জারশুরান খনি সবচেয়ে বড়। নতুন আবিষ্কারটি দেশের স্বর্ণ উৎপাদন বাড়াতে এবং খনিজ শিল্পে বিনিয়োগ আকৃষ্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রা রিয়ালের ধারাবাহিক দরপতন এবং উচ্চ মুদ্রাস্ফীতি ইরানিদের জীবনযাত্রায় বড় ধরনের প্রভাব ফেলেছে। এর ফলে অনেক নাগরিক এখন স্বর্ণকে সবচেয়ে নিরাপদ বিনিয়োগ হিসেবেই বিবেচনা করছেন। নতুন স্বর্ণ মজুতের খবর তাই সাধারণ মানুষ ও বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদও বাড়িয়েছে।

 

Read more — আন্তর্জাতিক
Home