
শুরুতে আঘাত হেনে সুর বেধে দিলেন শরিফুল ইসলাম ও মেহেদি হাসান। পরে সেখানে ঝঞ্কার তুললেন মুস্তাফিজুর রজমান ও রিশাদ হোসেন। একাই ৫ ক্যাচ নেওয়ার বিশ্ব রেকর্ড গড়লেন তানজিদ হাসান। আয়ারল্যান্ডকে অল্পতেই আটকে সিরিজ জয়ের সম্ভাবনা উজ্জ্বল করল বাংলাদেশ।
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ১১৮ রান।
তানজিদ একাই ক্যাচ নিয়েছেন ৫টি, যা আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এক ম্যাচে কোনো ফিল্ডারের যৌথভাবে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ড। তবে পূর্ণ সদস্যের দেশগুলোর মধ্যে এক ম্যাচে ৫টি ক্যাচ ধরার প্রথম ঘটনা এটিই।
বাঁহাতি পেসে মুস্তাফিজ ৩ ওভারে স্রেফ ১১ রান দিয়ে নেন ৩ উইকেট। ৪ ওভারে ২১ রান খরচায় ৩টি শিকার ধরেন লেগ স্পিনার রিশাদ। ২১ রানে ২টি নেন শরীফুল। একটি করে শিকার ধরেন মেহেদি ও মোহাম্মাদ সাইফউদ্দিন।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে মঙ্গলবার টস জিতে ব্যাটিংয়ে নেমে মেহেদির করা প্রথম ওভারেই ১৩ ওভার তুলে নেয় আয়ারল্যান্ড। পরের তিন ওভারে মেহেদি দেন স্রেফ ১১ রান।
ওপেনার পল স্টার্লিং ছাড়া আর কেউ বিশোর্ধো ইনিংস খেলতে পারেননি। ৫ চার ও ১ ছক্কায় ২৭ বলে ৩৮ রান করেন অধিনায়ক।
সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড: ১৯.৫ ওভারে ১১৭ (স্টার্লিং ৩৮, টিম টেক্টর ১৭, হ্যারি টেক্টর ৫, টাকার ১, ক্যাম্ফার ৯, ডকরেল ১৯, ডেলানি ১০, অ্যাডায়ার ৮, হামফ্রিজ ১, ইয়াং ২*, হোয়াইট ৫; মেহেদি ৪-০-২৪-১, শরিফুল ৩-০-২১-২, সাইফ উদ্দিন ৩.৫-০-৩১-১, মুস্তাফিজ ৩-০-১১-৩, রিশাদ ৪-০-২১-৩, সাইফ হাসান ২-০-৮-০)

