উত্তরা প্রতিদিন
ঢাকা

ব্রিটিশ গণমাধ্যমে টিউলিপের কারাদণ্ডের খবর

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২ ডিসেম্বর ২০২৫, ০৮:২৬ পূর্বাহ্ণ
ব্রিটিশ গণমাধ্যমে টিউলিপের কারাদণ্ডের খবর
ব্রিটিশ লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক। ফাইল ছবি

বাংলাদেশে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় শেখ হাসিনা ও শেখ রেহানার পাশাপাশি টিউলিপ সিদ্দিককে কারাদণ্ড দিয়েছেন আদালত। এই খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে যুক্তরাজ্যের প্রায় সবগুলো মিডিয়া।

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। তিনি বর্তমানে যুক্তরাজ্যে ক্ষমতাসীন দল লেবার পার্টির সংসদ সদস্য। সমালোচনার মুখে গত জানুয়ারিতে দেশটির সিটি মিনিস্টার পদ ছাড়তে বাধ্য হন টিউলিপ। তার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতার কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে।

ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে শেখ রেহানার ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলার রায় ঘোষণা করা হয়েছে সোমবার (১ ডিসেম্বর)। দুর্নীতি দমন কমিশনের করা মামলাটিতে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে পাঁচ বছর, তার বোন শেখ রেহানাকে সাত বছর ও তার মেয়ে টিউলিপ সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি টিউলিপ সিদ্দিককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও শেখ রেহানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এই রায় নিয়ে সংবাদ প্রকাশ করেছে যুক্তরাজ্যের বেশিরভাগ মিডিয়া। দ্য গার্ডিয়ান টিউলিপকে নিয়ে দুটি প্রতিবেদন করেছে। তাদের প্রতিবেদনে শিরোনাম, ‘Bangladesh court sentences UK MP Tulip Siddiq to two years prison in absentia’ (বাংলাদেশের আদালত যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিকের অনুপস্থিতিতে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন)।

গার্ডিয়ান আরেকটিকে প্রতিবেদনে লিখেছে, ‘What led to Bangladesh trial of former UK minister Tulip Siddiq in her absence? ’ (যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের অনুপস্থিতিতে বাংলাদেশে বিচারের পেছনে কারণ কী ছিল?)। ফিন্যান্সিয়াল টাইমস শিরোনাম করেছে ‘Ex-UK minister Tulip Siddiq receives two-year jail sentence in Bangladesh’ (বাংলাদেশে যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড)।

স্কাই নিউজ লিখেছে, ‘Labour MP Tulip Siddiq sentenced to two years in prison at corruption trial in Bangladesh’ (লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে দুর্নীতির মামলায় দুই বছরের কারাদণ্ড)।

Read more — আন্তর্জাতিক
Home