উত্তরা প্রতিদিন
ঢাকা

জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের আয়োজন করুন: রাশেদ প্রধান

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ৩০ নভেম্বর ২০২৫, ০৫:২০ অপরাহ্ণ
জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের আয়োজন করুন: রাশেদ প্রধান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই গণভোট আয়োজনের দাবি জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি—জাগপার সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান। আজ রোববার দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে পাঁচ দফা দাবিতে আন্দোলনরত সমমনা আট দলের বিভাগীয় সমাবেশে তিনি এ আহ্বান জানান।

রাশেদ প্রধান বলেন, বাংলাদেশে অতীতে তিনবার গণভোট অনুষ্ঠিত হয়েছে, কিন্তু জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজনের কোনো নজির নেই। উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, 'প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব নেওয়ার পর স্পষ্ট বলেছেন-একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন করা অত্যন্ত চ্যালেঞ্জিং'। যারা আয়োজন করবে তারা বুঝে গেছে; কিন্তু দুর্ভাগ্য যে বিএনপি বুঝতে পারেনি। জনগণ বুঝেছে, কিন্তু অন্তর্বর্তী সরকার নাকি এখনো বুঝতে পারেনি।

তিনি বলেন, রাজশাহীর রাজপথে হাঁটার সময় বারবার মনে হচ্ছিল—এই রাজপথ বারবার ইসলামী ছাত্রশিবিরের রক্তে রঞ্জিত হয়েছিল। আমি হাঁটছিলাম আর স্মরণ করছিলাম, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। রাকসুর নির্বাচনে প্রমাণ হয়ে গেছে এই দেশ ইসলামের দেশ।

অন্তর্বর্তী সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে জাগপার মুখপাত্র বলেন, আপনারা গণহত্যাকারী আওয়ামী লীগকে চিনে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছেন। কিন্তু একই গণহত্যাকারী আওয়ামী লীগের কার্যক্রমকে বৈধতা দেওয়া জাতীয় পার্টি ও ১৪ দলকে এখনো চিনতে পারেননি। এখনো সময় আছে—জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করুন। আওয়ামী লীগের মতোই ১৪ দল এবং জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করুন।

নিজের নির্বাচনী এলাকা পঞ্চগড়ের পরিস্থিতি তুলে ধরে রাশেদ প্রধান বলেন, আমরা এক পাশ দিয়ে লাগাই, আরেক পাশ দিয়ে চাঁদা পার্টি পোস্টার ছিঁড়ে। আমি চাঁদা পার্টিকে বলতে চাই—ডা. শফিকুল রহমান, পীর সাহেব চরমোনাই, আল্লামা মামুনুল হকসহ আট দলের নেতাদের ছবি ও নাম পোস্টার থেকে ছিঁড়তে পারবেন, কিন্তু মানুষের মন থেকে মুছে দিতে পারবেন না। তাদের চাঁদাবাজির হিসাব করতে গেলে ক্যালকুলেটরে এখন আর ডিজিট ওঠে না। এভাবে লেভেল প্লেয়িং ফিল্ড সম্ভব নয়।

সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিসসহ সমমনা আট দলের শীর্ষ নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।

Read more — রাজনীতি
Home