উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহীতে আট দলের বিভাগীয় সমাবেশ আজ, তিন লাখ লোক সমাগমের আশা

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২৯ নভেম্বর ২০২৫, ০৭:০১ অপরাহ্ণ
রাজশাহীতে আট দলের বিভাগীয় সমাবেশ আজ, তিন লাখ লোক সমাগমের আশা

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আগামীকাল রোববার অনুষ্ঠিতব্য জামায়াতে ইসলামীসহ আট রাজনৈতিক দলের বিভাগীয় সমাবেশে আড়াই লাখ থেকে তিন লাখ মানুষের সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা। আজ শনিবার দুপুরে সমাবেশস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এই তথ্য জানান নেতৃবৃন্দ।

জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর শাখার সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল জানান, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি, গণভোটসহ পাঁচ দফা দাবিতে আট দলের আন্দোলনের অংশ হিসেবে রাজশাহীতে প্রথম বিভাগীয় সমাবেশটি অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “সমাবেশের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাইক সেটআপ ও সাউন্ড টেস্ট শেষ। স্টেজের সামান্য কাজ ছাড়া বাকি সব কাজ শেষ হয়েছে।”

সমাগম প্রসঙ্গে তিনি বলেন, “রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ সমাবেশে অংশ নেবেন। আট দলের শীর্ষ নেতাদের দিকনির্দেশনা শুনতে বিপুল সংখ্যক মানুষ সমাবেশস্থলে আসবেন। আমাদের ধারণা, আড়াই থেকে তিন লাখ মানুষ উপস্থিত হবেন। মাঠের ধারণক্ষমতার বাইরে জনস্রোত ফায়ার সার্ভিস মোড়, ঘোষপাড়া মোড় হয়ে নদীর ধারের বড় রাস্তা পর্যন্ত ছড়িয়ে পড়বে।”

সমাবেশস্থল পরিদর্শনকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজশাহী মহানগর সভাপতি হুসাইন আহমদ, জেলা সভাপতি হাফেজ মাওলানা মুরশিদ আলম ফারুকি, জেলা সেক্রেটারি আব্দুল্লাহ সুজন, জামায়াতে ইসলামীর নগর নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, জেলা সেক্রেটারি গোলাম মর্তুজা, নগর জামায়াতের সহকারী প্রচার ও মিডিয়া সম্পাদক মোস্তাফিজুর রহমান আশুসহ আট দলের নেতারা উপস্থিত ছিলেন।

Read more — রাজনীতি
Home