উত্তরা প্রতিদিন
ঢাকা

শীতে পাতে থাকুক জলপাই ও মুলা দিয়ে মসুর ডাল

উত্তরা ডেস্ক ২৭ নভেম্বর ২০২৫, ০৭:১৭ অপরাহ্ণ
শীতে পাতে থাকুক জলপাই ও মুলা দিয়ে মসুর ডাল

হেঁশেলে রান্নার ঘ্রাণ বলে দেয়, দরজায় কড়া নাড়ছে শীত। বাজারে জলপাই উঠেছে; ডালে ও তরকারিতে যোগ হয়েছে নতুন স্বাদ। কয়েক পদের তরকারি রান্নার ঝামেলা এড়াতে ব্যস্ত দিনে জলপাই ও মুলা দিয়ে রান্না করুন মসুর ডাল। গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। আপনাদের জন্য রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

উপকরণ

মুলা ৫০০ গ্রাম, আস্ত জলপাই ২টি, মসুর ডাল ২০০ গ্রাম, পেঁয়াজকুচি আধা কাপ, আদা ও রসুনবাটা এক চা-চামচ, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া এক চা-চামচ করে, লবণ স্বাদমতো, কাঁচা মরিচের ফালি ৫ থেকে ৬টি, সরিষার তেল ৪ টেবিল চামচ, ধনেপাতাকুচি আধা কাপ।

প্রণালি

মুলার খোসা ছাড়িয়ে গোল গোল করে কেটে নিন। এবার মসুর ডাল ধুয়ে যে হাঁড়িতে রান্না করবেন, সেখানে নিয়ে নিন। তারপর আদা ও রসুনবাটা, হলুদ, মরিচ, ধনে ও জিরাগুঁড়া, লবণ, সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে পরিমাণমতো পানি দিন। মসুর ডাল সেদ্ধ হয়ে গেলে ডাল ঘুটনি দিয়ে ঘুঁটে নিন। এবার কেটে রাখা মুলা দিন। মুলা সেদ্ধ হয়ে এলে জলপাই ও কাঁচা মরিচের ফালি দিয়ে অনবরত নেড়ে নিন। এতে কাঁচা মরিচের রং খুব সুন্দর থাকে। শেষে লবণ দেখে ধনেপাতাকুচি ছড়িয়ে নেড়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল জলপাই ও মুলা দিয়ে মসুর ডাল। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

Read more — লাইফস্টাইল
Home